ইন্দ্রনীল সেনের অস্বস্তি চরমে! প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে MPO আইনের নতুন ধারা যোগের আর্জি পুলিশের, কী ফাঁস করল তদন্তকারীরা?

সংকট আরও বাড়ল রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের। সম্প্রতি গ্রেফতার হওয়া এই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে এবার Maintenance of Public Order (MPO) আইনের একাধিক নতুন ও কঠোর ধারা যুক্ত করার আবেদন নিয়ে ব্যাঙ্কশাল আদালতের কড়া নাড়ল কলকাতা পুলিশ।
তদন্তকারী সূত্রের দাবি, তদন্তে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বেআইনি উপায়ে বিপুল অঙ্কের অর্থ উপার্জন এবং বিশাল অঙ্কের সম্পত্তি সংগ্রহের চাঞ্চল্যকর নথি ও তথ্যপ্রমাণ হাতে এসেছে। অভিযোগ, বেআইনিভাবে সংগৃহীত সেই কালো টাকা অত্যন্ত কায়দায় একাধিক বেনামী ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয়েছে।
কেন MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করতে চাইছে পুলিশ? কলকাতা পুলিশের পক্ষে আদালতে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেন ও স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জনের যে গুরুতর অভিযোগ উঠেছে, সংশোধিত MPO আইনের ২ নম্বর ধারায় সেটিকে নির্দিষ্ট অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। এর পাশাপাশি, ৯ নম্বর ধারায় এই ধরনের গুরুতর অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রয়েছে।
তদন্ত প্রক্রিয়াকে আইনি দিক থেকে আরও মজবুত করতে এবং অভিযুক্তের অপরাধমূলক কাজকে সঠিক আইনের আওতায় নিয়ে আসতেই ব্যাঙ্কশাল আদালতে এই দুটি অতিরিক্ত ধারা যুক্ত করার আবেদন দায়ের করেছে লালবাজার।
বর্তমানে হেফাজতে থাকা প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে এই নতুন ধারার আবেদন মঞ্জুর হলে তাঁর জামিনের প্রক্রিয়া যে আরও কঠিন হয়ে পড়বে, সে বিষয়ে একমত আইনি মহল। পুরো বিষয়টি ঘিরে রাজ্য রাজনীতিতেও চরম চাঞ্চল্য ছড়িয়েছে।