ঘুমিয়ে আছেন বিরোধী দলনেতা? সিইসি বিরোধী আন্দোলনের চরম আবহে সল্টলেকে হঠাৎ রাহুলের পোস্টার পড়তেই শোরগোল!

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবসরের দাবিতে যখন আন্দোলনের উত্তাপ বাড়ছে, ঠিক তখনই কলকাতায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিশানা করে পড়ল বিতর্কিত পোস্টার। সল্টলেকে দেখা মিলেছে রাহুল গান্ধীর ‘ঘুমন্ত’ ছবি দেওয়া এই পোস্টার, যা ঘিরে মুহূর্তে তুমুল শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে।
ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন বিষয় ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিরোধীদের একাংশ সরব। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ-আন্দোলন জারি রয়েছে। সেই উত্তপ্ত রাজনৈতিক আবহের মধ্যেই সল্টলেকের একাধিক গুরুত্বপুর্ণ মোড়ে হঠাৎই ভেসে ওঠে পোস্টারটি। পোস্টারে রাহুল গান্ধীকে ঘুমন্ত অবস্থায় চিত্রিত করে নির্বাচন কমিশন ইস্যুতে তাঁর ভূমিকা ও নীরবতা নিয়ে রাজনৈতিক কটাক্ষ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
এই পোস্টার কারা মেরেছে এবং এর পেছনে কাদের হাত রয়েছে—তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।
উত্তাল আন্দোলনের মাঝে হঠাৎ সল্টলেকে লোকসভার বিরোধী দলনেতাকে লক্ষ্য করে এমন পোস্টার লাগানোয় রাজনৈতিক মহল মনে করছে, এর পেছনে গভীর রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। পোস্টারটি কারা টাঙাল, তা খতিয়ে দেখা হচ্ছে।