মুহূর্তের মধ্যে ছাই ৮ শ্রমিক! রাস্তা নির্মাণের সময় মিক্সার মেশিনে হাইটেনশন তার ঠেকতেই হাহাকার

রাস্তা নির্মাণের কাজ করার সময় ঘটে গেল এক শিউরে ওঠার মতো ভয়াবহ দুর্ঘটনা। কাজের জন্য ব্যবহৃত বিশালাকার মিক্সার মেশিন আচমকা স্পর্শ করল মাথার ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের হাইটেনশন তার। মুহূর্তের মধ্যে হাই-ভোল্টেজ বিদ্যুৎ ছড়িয়ে পড়ল ধাতব যন্ত্রটিতে, আর তার জেরেই দাউদাউ করে জ্বলে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন অন্তত ৮ জন শ্রমিক! ভয়াবহ এই ঘটনায় আরও অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝুনঝুনু জেলার ছাপোলি গ্রামে। পুলিশ জানিয়েছে, সোমবার সকাল থেকেই ওই গ্রামে একটি পাকা রাস্তা নির্মাণের কাজ পুরোদমে চলছিল।
কীভাবে ঘটেছিল এই বিভৎস দুর্ঘটনা? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছাপোলি থেকে কদমকুণ্ডের দিকে যাওয়ার রাস্তা নির্মাণের কাজ করার সময় ঘটনাস্থলে বহু দিনমজুর ও টেকনিশিয়ান উপস্থিত ছিলেন। কাজের গতি বাড়াতে কাঁকর ও সিমেন্ট মেশানোর একটি ভারী ধাতব মিক্সার মেশিন ব্যবহার করা হচ্ছিল।
হঠাৎই অলক্ষে সেই মেশিনটিকে একটু সরাতে গিয়ে মাথার ওপর দিয়ে চলে যাওয়া ১১ হাজার ভোল্টের মারাত্মক হাইটেনশন বিদ্যুতের তারে ঠেকে যায় সেটি। কোনো কিছু বুঝে ওঠার আগেই যন্ত্রটির চারপাশের ধাতব অংশে তীব্র বিদ্যুতপ্রবাহ ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে হাই-ভোল্টেজ বিদ্যুতের ঝটকায় একের পর এক শ্রমিক ঝলসে মাটিতে লুটিয়ে পড়েন।
তদন্তে নামল পুলিশ ও জেলা প্রশাসন: দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই ৮ জনের দেহ একে একে নিথর হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ৫ জনকে। তাঁদের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঠিক কীভাবে ভারী মেশিনটি হাইটেনশন তারের সংস্পর্শে এল এবং রাস্তা তৈরির সময় বিদ্যুতের তার থেকে নির্দিষ্ট নিরাপদ দূরত্ব বজায় রাখা হয়েছিল কি না, তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। কোনো ঠিকাদার বা সংস্থার তরফে শ্রমিকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর কাজ চলাকালীন গাফিলতির বিষয়টিই সামনে আসছে, তবে তদন্তের পরই মূল সত্যিটি প্রকাশ্যে আসবে।
ফিরে এলো অতীত দুর্ঘটনার স্মৃতি: স্মরণ করা যেতে পারে, গত বছর একই রকমভাবে উত্তরপ্রদেশের বারাবঁকি জেলার আওসানেৎশ্বর মহাদেব মন্দিরেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। সেখানে শ্রাবণ মাসের সোমবারে বানরের তাণ্ডবে ক্ষয়প্রাপ্ত বিদ্যুতের তার ছিঁড়ে টিনের ছাউনির ওপর পড়লে পদপিষ্ট হয়ে ও কারেন্ট লেগে ২ ভক্তের মৃত্যু হয় এবং ১৯ জন গুরুতর আহত হয়েছিলেন।
রাজস্থানের ঝুনঝুনুর এই হৃদয়বিদারক মৃত্যুমিছিল ফের একবার কাজের জায়গায় শ্রমিকদের জীবন ও নিরাপত্তাহীনতার কঙ্কালসার চেহারাটি জনসমক্ষে উন্মুক্ত করে দিল।