অবসর পেলেও মিলল না নিস্তার! বীরভূমে কোটি কোটি টাকার সরকারি রাজস্ব ছিনিমিনিতে পুলিশি জালে প্রাক্তন ডেপুটি DLLRO!

বীরভূমের বহুচর্চিত ডুপ্লিকেট ক্যাশ রিসিট (DCR) জালিয়াতি ও কোটি কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি কাণ্ডে ফের এক বড়সড় সাফল্য পেল তদন্তকারীরা। এই হাইভোল্টেজ দুর্নীতি মামলায় জড়িয়ে গেল রাজ্য ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক প্রাক্তন পদস্থ আধিকারিকের নাম। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে বীরভূমের মহম্মদবাজারের তৎকালীন ডেপুটি ডিএলএলআরও (DLLRO) রবিউল ইসলামকে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত রবিউল ইসলাম বর্তমানে সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত।
তদন্তকারীদের দাবি, বীরভূমের পাথর ও বেআইনি বালির কারবারের বেপরোয়া সিন্ডিকেটরাজ চালাত প্রভাবশালী পাথর ব্যবসায়ী নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল। ভুয়ো ও জাল ডিসিআর (DCR) তৈরি করে রাজ্য সরকারের কোষাগার খালি করে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার যে বিশাল চক্র গড়ে উঠেছিল, তার অন্যতম মূল রূপকার ছিলেন এই অবসরপ্রাপ্ত আধিকারিক রবিউল ইসলাম। সরকারি পদে আসীন থাকাকালীন পদের অপব্যবহার করে তিনি মাফিয়া চক্রকে প্রশাসনিক সুরক্ষা দিতেন এবং বিপুল পরিমাণ অবৈধ লেনদেনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, গত ১৩ অক্টোবর সিউড়ি জেলা আদালতে ধৃত রবিউল ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে বীরভূমের মাড়গ্রাম এলাকার বাড়ি থেকে তাঁকে জালে তোলেন তদন্তকারীরা। সোমবার সকালে তাঁকে কড়া নিরাপত্তার বলয়ে সিউড়ি জেলা আদালতে পেশ করা হচ্ছে। এই চক্রে আরও কতজন প্রভাবশালী সরকারি কর্মী যুক্ত আছেন, তা জানতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।