‘অর্ণব’-এর পর এবার মহা-আতঙ্ক ‘মুরাসু’! আজ মধ্যরাতেই আছড়ে পড়ছে তীব্র ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে লাল সতর্কতা?

বঙ্গোপসাগরে আবার ঘনীভূত হয়েছে এক নতুন মহা-বিপর্যয়। ‘অর্ণব’-এর তাণ্ডব কাটার আগেই এবার উপকূলের দিকে ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড় ‘মুরাসু’ (Cyclone Murasu)। আবহাওয়া দফতরের শেষ পাওয়া আপডেট অনুযায়ী, ইতোমধ্যে এটি অত্যন্ত তীব্র শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে চেন্নাই থেকে মাত্র ২৬০ কিলোমিটার এবং বিশাখাপত্তনম থেকে ৪৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই মারাত্মক ঝোড়ো হাওয়া।
আবহাওয়াবিদদের মতে, আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যেই অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়। অনুমান করা হচ্ছে, অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং নারসাপুরের মধ্যবর্তী উপকূলভাগেই ঘটেবে এর বিপজ্জনক ল্যান্ডফল। এর সরাসরি প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ওড়িশার উপকূলবর্তী জেলাগুলিতে অতি ভারী থেকে চরম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে অন্ধ্র ও তামিলনাড়ু উপকূলে লাল সতর্কতা (Red Alert) জারি করেছে প্রশাসন।
তবে পশ্চিমবঙ্গবাসীর জন্য আশার কথা হলো, বাংলায় এই প্রলয়ঙ্করী সাইক্লোনের সরাসরি কোনো বড় প্রভাব পড়বে না। রাজ্যজুড়ে কোনো বড় দুর্যোগের আশঙ্কা না থাকলেও থাকছে পরোক্ষ প্রভাব। সোমবার ও মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে ফের শুষ্ক আবহাওয়া ফিরবে গোটা রাজ্যে।