‘গণতন্ত্রে কারও কাজ বন্ধ করা যায় না!’ টলিপাড়ার নির্বাচনে ভোট দিতে নেমেই বিস্ফোরক মিঠুন চক্রবর্তী

শনি ও রবিবার—এই দু’দিন টলিপাড়ায় সমস্ত ধরনের শুটিং কাজ বন্ধ রেখে চলছে ‘ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’-র আওতাধীন ২৬টি গিল্ডের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তপ্ত ও সরগরম হয়ে উঠেছে টলিপাড়া। আর এই আবহে ভোট দিতে এসে নিজের স্পষ্ট ও কড়া অবস্থান স্পষ্ট করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।

এদিন ভোটদান পর্বে অংশ নিয়ে মিঠুন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, গণতন্ত্রে সকলেরই ভোটাধিকার প্রয়োগের অধিকার রয়েছে এবং কোনো যুক্তিতেই সাধারণ মানুষের কাজ বা কর্মসংস্থান বন্ধ করে দেওয়া যায় না। তাঁর এই মন্তব্য ঘিরে ইন্ডাস্ট্রির অন্দরে শুরু হয়ে গেছে জোর চর্চা। ২৬টি গিল্ডের এই নির্বাচন ঘিরে বর্তমানে টেকনিশিয়ান ও কলাকুশলীদের অন্দরে উত্তেজনা তুঙ্গে, আর সেই আবহে মহাগুরুর এই বার্তা বাড়তি মাত্রায় আলোচনার খোরাক জুগিয়েছে।