মুক্তির আগেই ইতিহাস গড়লেন শাহরুখ খান! ‘কিং’-এর এই রেকর্ড ভাঙা কী অসম্ভব?

তিনি যে আদতেই বলিউডের বেতাজ ‘বাদশা’, তা আরও একবার হাড়কাঠে প্রমাণ করে দিলেন কিং খান, শাহরুখ খান। তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’ প্রেক্ষাগৃহে মুক্তির আগেই তৈরি করে ফেলল এক ঐতিহাসিক নজির। মুক্তির আলো দেখার আগেই এই ছবি প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। বিদেশের মাটিতে রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে ‘কিং’-এর ওভারসিজ রাইটস (Overseas Rights), যা এর আগে কোনো ভারতীয় চলচ্চিত্র অর্জন করতে পারেনি।
আন্তর্জাতিক সূত্রের খবর অনুযায়ী, প্রখ্যাত ডিস্ট্রিবিউশন সংস্থা ‘ফার্স ফিল্মস’ (Phars Films) ১৭৫ কোটি টাকায় (প্রায় ১৮ মিলিয়ন মার্কিন ডলার) শাহরুখের ‘কিং’ ছবির ওভারসিজ স্বত্ব কিনে নিয়েছে। এর আগে ফার্স ফিল্মসই বিদেশের বাজারে শাহরুখ খানের ব্লকবাস্টার হিট ‘পাঠান’ এবং ‘জওয়ান’ ডিস্ট্রিবিউট করেছিল। দুটি ছবিই বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছিল। এ ছাড়া প্রভাস অভিনীত ‘সাহো’ এবং যশরাজ ফিল্মসের একাধিক বড় বাজেটের ছবির আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশনের দায়িত্ব সামলেছিল এই সংস্থাটি।
চমকপ্রদ তথ্য হলো, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এতদিন পর্যন্ত কোনো সিনেমার ওভারসিজ রাইটস ১০০ কোটি টাকার গণ্ডি স্পর্শ করতে পারেনি। সেখানে ‘কিং’ একাই ১৭৫ কোটি টাকার ওভারসিজ রাইটস বিক্রি করে এক অনন্য নজির গড়ল। ট্রেড অ্যানালিস্টদের মতে, ‘পাঠান’ ও ‘জওয়ান’ আন্তর্জাতিক বাজারে প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা করেছিল। সেই ধারা বজায় রেখে ‘কিং’ সহজেই বিশ্বজুড়ে অন্তত ৩৫০ কোটি টাকার ব্যবসা করবে বলে আশা করা হচ্ছে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত এবং সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও তাঁর কন্যা সুহানা খানকে। এ ছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত এবং রাঘব জুয়াল। অ্যাকশন-থ্রিলার নির্ভর এই ছবিটি যে ভারতীয় সিনেমার সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করতে চলেছে, তা এখনই নিশ্চিত।