স্কটল্যান্ডের বুকে ফের বাজবে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর সুর! ঐতিহাসিক সিদ্ধান্তের কথা শোনালেন ফার্স্ট মিনিস্টার

নব্বইয়ের দশকের বলিউডের অন্যতম সবচেয়ে জনপ্রিয় ও আইকনিক প্রেমের ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। শাহরুখ খান, কাজল এবং রানি মুখার্জি অভিনীত এই ব্লকবাস্টার ছবি আজও আট থেকে আশি—সমস্ত দর্শকের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে রয়েছে। এবার এই কালজয়ী সিনেমাটি মুক্তির ৩০ বছর পূর্ণ করতে চলেছে। আর সেই শুভ উপলক্ষে আন্তর্জাতিক চলচ্চিত্র মঞ্চে এক অভূতপূর্ব ও বিশেষ সম্মান পেতে চলেছে ধর্মা প্রোডাকশনস এবং পরিচালক করণ জোহরের এই বিখ্যাত সৃষ্টি।
২০২৮ সালে আয়োজিত ৮১তম ঐতিহাসিক এডিনবরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Edinburgh International Film Festival) ছবিটির একটি বিশেষ স্ক্রিনিং বা প্রদর্শনের জমকালো আয়োজন করা হবে। আন্তর্জাতিক এই সম্মানীয় মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য স্বয়ং পরিচালক করণ জোহরকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্প্রতি স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি ও স্ক্রিন স্কটল্যান্ডের অন্তর্বর্তীকালীন এগজিকিউটিভ ডিরেক্টর ডেভিড স্মিথ মুম্বইয়ে করণের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব দেন এবং যৌথ প্রযোজনা ও আন্তর্জাতিক সাংস্কৃতিক আদানপ্রদান নিয়ে আলোচনা করেন।
১৯৯৮ সালে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’। চলচ্চিত্র পরিচালক হিসেবে এটিই ছিল করণ জোহরের প্রথম পদক্ষেপ। রাহুল, অঞ্জলি ও টিনার ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি এই ছবি ভারতীয় সিনেমার ইতিহাসকে নতুন রূপ দিয়েছিল। ছবিটিতে সলমন খানের ক্যামিও চরিত্রটি আজও দর্শকদের কাছে ততটাই প্রিয়। স্কটল্যান্ডের নয়নাভিরাম প্রকৃতির বুকে ধারণ করা হয়েছিল ছবিটির কালজয়ী গানগুলির দৃশ্যয়ন। ইলিয়ান ডোনান ক্যাসল, গ্লেন কো, এবং ট্যানটালন ক্যাসলের মতো মনোরম লোকেশন ছবিটিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছিল। স্কটল্যান্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় ছবির মাধ্যমে তাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য যেভাবে সারা বিশ্বে ফুটে উঠেছে, তার স্বীকৃতি দিতেই তিন দশক পর এই বিশেষ উদযাপনের আয়োজন।