ভোটার তালিকায় বেনিয়ম! কড়া শাস্তির মুখে দুই এসডিএম, উত্তরপ্রদেশে বড়সড় প্রশাসনিক রদবদলে তোলপাড়

উত্তরপ্রদেশের প্রশাসনিক মহলে বড়সড় রদবদল। ভোটার তালিকায় গুরুতর অনিয়ম এবং EPIC নম্বরে গরমিল ধরা পড়ার পর কড়া পদক্ষেপ করল প্রশাসন। পিলিভিট জেলার দুই সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM)-কে সাসপেন্ড করার পাশাপাশি মোট ১১ জন পিসিএস (PCS) অফিসারকে বদলি করা হয়েছে। এই ঘটনায় প্রশাসনিক স্তরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, পিলিভিটের যে দুই এসডিএম-এর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁরা হলেন— মায়াঙ্ক গোস্বামী এবং হেমন্ত চৌধুরী। সাম্প্রতিক সময়ে ভোটার তালিকায় বেশ কিছু গুরুতর অনিয়ম ও ভোটার আইডি নম্বরের সঙ্গে অন্য ব্যক্তির নাম জড়িয়ে যাওয়ার মতো অসঙ্গতি সামনে আসে। গত ২১শে অক্টোবর এই বিষয়টি প্রকাশ পাওয়ার পরেই নির্বাচন কমিশন একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেয়।

তদন্তে ত্রুটি প্রমাণিত হওয়ার পর তৎকালীন পুরানপুরের এসডিএম মায়াঙ্ক গোস্বামী এবং আমারিয়ার এসডিএম হেমন্ত চৌধুরীকে তাঁদের পদ থেকে সরিয়ে জেলা সদর দপ্তরে সংযুক্ত করা হয়। দুজনেই সদর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা (ERO) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই ঘটনার জেরে কেবল আধিকারিকরাই নন, সংশ্লিষ্ট কম্পিউটার অপারেটর অনিল কুমারের চুক্তিভিত্তিক চাকরিও বাতিল করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়ায় এ ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না—প্রশাসনের এই কঠোর পদক্ষেপে রাজ্যে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনা।