কম বয়সেই থাবা বসাচ্ছে স্তন ক্যানসার! কোন ৮টি লক্ষণ অবহেলা করলেই বাড়বে বড় বিপদ?

স্তন ক্যানসার বললেই এতদিন অনেকেই মনে করতেন এটি কেবল মাঝবয়সী বা বয়স্ক মহিলাদের রোগ। তবে সাম্প্রতিক সময়ে বদলে গেছে সেই চেনা চিত্র। চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়ে ৩০ থেকে ৪০ বছর বয়সী তরুণীদের মধ্যেও আশঙ্কাজনকভাবে বাড়ছে স্তন ক্যানসারের দাপট। বয়স কম বলে ঝুঁকি নেই—এমন ভুল ধারণা পুষে রাখাই ডেকে আনছে চরম বিপদ।

‘সাউদার্ন মেরিল্যান্ড নিউজ’-এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, কম বয়সী মহিলারা প্রাথমিক লক্ষণগুলোকে সাধারণ ভেবে এড়িয়ে যান। ফলে চিকিৎসকের কাছে পৌঁছাতে দেরি হয়ে যায় এবং রোগটি মারাত্মক রূপ নেয়।

কেন বাড়ছে কম বয়সে এই রোগের ঝুঁকি? বিশেষজ্ঞ ড. মালহোত্রা জানান, কম বয়সে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পেছনে পরিবারে ক্যানসারের ইতিহাস এবং BRCA1 ও BRCA2 জিনের মিউটেশন বা পরিবর্তন বড় ভূমিকা পালন করে। এছাড়া:

  • খুব কম বয়সে ঋতুস্রাব বা পিরিয়ড শুরু হওয়া।

  • বেশি বয়সে প্রথম গর্ভধারণ কিংবা সন্তান না হওয়া।

  • অনিয়মিত জীবনযাত্রা, অতিরিক্ত ওজন, মদ্যপান ও তামাক সেবনের মতো অভ্যাস।

যে ৮টি সতর্কবার্তা বা উপসর্গ অবহেলা করবেন না:

১. চাকা বা গুটি: স্তনে বা বগলে হঠাৎ নতুন কোনো চাকা বা শক্ত গুটির উপস্থিতি।

২. আকার পরিবর্তন: স্তনের স্বাভাবিক আকার বা গঠনে হঠাৎ পরিবর্তন আসা।

৩. ত্বকের পরিবর্তন: স্তনের চামড়ায় টোল পড়া, ভাঁজ হওয়া কিংবা চামড়া অস্বাভাবিক শক্ত হয়ে যাওয়া।

৪. বোঁটা বা নিপল বদলে যাওয়া: স্তনের বোঁটা হঠাৎ ভেতরের দিকে ঢুকে যাওয়া বা গঠন বদলে যাওয়া।

৫. অস্বাভাবিক নিঃসরণ: নিপল থেকে রক্ত বা কোনো অস্বাভাবিক তরল/কষ নিঃসৃত হওয়া।

৬. লালচে ভাব ও ফোলাভাব: স্তনের চারপাশের চামড়া লাল হয়ে থাকা, চুলকানি বা ফুলে ওঠা।

৭. ক্রমাগত ব্যথা: স্তন বা বগলের আশপাশে টানা অস্বস্তি ও অস্বাভাবিক ব্যথা থাকা।

৮. ঘন টিস্যুর পরিবর্তন: স্তনের টিস্যু হঠাৎ বেশি ঘন বা শক্ত অনুভূত হওয়া।

বয়স যাই হোক না কেন, শরীরে এই ধরনের যেকোনো পরিবর্তন চোখে পড়লেই ভয় না পেয়ে দ্রুত অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সচেতনতাই পারে মারণ ব্যাধি ক্যানসার থেকে জীবন বাঁচাতে।

Pratik Saha
  • Pratik Saha