‘পাপ বাপকেও ছাড়ে না!’ ইন্দ্রনীল সেনের গ্রেফতারিতে মারাত্মক বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়কের!

প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারিকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই ভদ্রেশ্বর এলাকায় উদযাপনে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। আনন্দ মিছিলে হাঁটার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে মিষ্টি ও লাড্ডু বিতরণ করা হয়।

ঘটনায় বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহা তীব্র কটাক্ষ করে বলেন, “পাপ কখনো বাপকেও ছাড়ে না। ইন্দ্রনীল সেন তো মানুষ দূরে থাক, স্বয়ং ভগবানকেও ছাড়েননি।” বিধায়কের আরও বিস্ফোরক অভিযোগ, ইউনেস্কোর হেরিটেজ তকমাকে কাজে লাগিয়ে টিকিটের নামে কোটি কোটি টাকা লুট করা হয়েছে। তিনি সাফ জানান, কেন্দ্র ও রাজ্যস্তরে বিজেপি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলে এবং আগামী দিনে সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আইনের মুখোমুখি হবে।

অন্যদিকে বিজেপি নেতা গোপাল উপাধ্যায় মন্তব্য করেন, “মা দুর্গার আশীর্বাদেই অসুররূপী ইন্দ্রনীল সেনের অন্যায় সাম্রাজ্যের বিনাশ হয়েছে।” একই সাথে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মল্লিকার্জুন খাড়গের আপত্তিকর মন্তব্যেরও কড়া সমালোচনা করেন তিনি। সব মিলিয়ে ইন্দ্রনীল সেনের গ্রেফতারিকে কেন্দ্র করে চন্দননগর ও ভদ্রেশ্বরজুড়ে রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।