‘ব্যবসা মানেই পুজো!’ জিওর আইপিও তালিকাভুক্তিতে আবেগ ভাসলেন অনন্ত আম্বানি

চোরওয়াড় থেকে জামনগর, আর সেখান থেকে ডিজিটাল বিপ্লবের পথিকৃৎ জিও— বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের টেলিকম ও প্রযুক্তি শাখা জিও-র শেয়ার বাজার তালিকাভুক্তির (IPO Listing) ঐতিহাসিক মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েন কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর তথা রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির নাতি অনন্ত আম্বানি। আইপিও তালিকাভুক্তির এই বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্মরণ করেন আম্বানি পরিবারের সুদীর্ঘ ও অনুপ্রেরণাদায়ক যাত্রার কথা। তাঁর গলায় ঝরে পড়ে আপ্লুত কৃতজ্ঞতা এবং মাটির কাছাকাছি থাকার অদম্য তাগিদ।
অনুষ্ঠানের শুরুতেই অনন্ত আম্বানি বলেন, “আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শব্দ দিয়েই আমি শুরু করতে চাই। আর সেই শব্দটি হলো কৃতজ্ঞতা। জিওর উপর নিরঙ্কুশ বিশ্বাস রেখেছেন এবং আজকের এই দিনটিকে সম্ভব করে তুলেছেন দেশের কোটি কোটি মানুষ, তাঁদের সকলের প্রতি আমাদের অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা জানাই। আজ শেয়ার বাজারের ঘণ্টাধ্বনি আমার কাছে কোনো সাধারণ ঘণ্টা নয়, বরং এটি মন্দিরের পবিত্র ঘণ্টার মতো শোনাচ্ছে। কারণ, আমাদের কাছে ব্যবসা মানেই নিছক মুনাফা অর্জন নয়, ব্যবসা মানেই হলো একনিষ্ঠ পুজো। আজ জিওকে ভারতের সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার এক মহাসংয়োগ।”
দাদুর সংগ্রাম ও বাবার দূরদর্শিতার কথা স্মরণ করে অনন্ত বলেন, “বহু বছর আগে গুজরাতের সুদূর চোরওয়াড়ের এক সাধারণ পরিবারে জন্ম নিয়েছিল একটি স্বপ্ন। পরিবারের এক তরুণ একসময় সুদূর এডেনে একটি পেট্রল পাম্পে সাধারণ চাকরি করতেন। তাঁর পকেটে ছিল না কোনো টাকা, ছিল না কোনো হাইপ্রোফাইল পরিচিতি। তিনিই আমাদের পরম শ্রদ্ধেয় দাদু, দূরদর্শী শিল্পপতি শ্রী ধীরুভাই আম্বানি। তিনি আমাদের চোখে আঙুল দিয়ে শিখিয়েছিলেন যে, একজন সাধারণ ভারতীয় নাগরিকও মনে জোড় থাকলে অসাধারণ স্বপ্ন দেখতে পারেন। তাঁর হাত ধরেই আম্বানি পরিবারের পথচলা শুরু।”
তিনি আরও যোগ করেন, “এরপর আমাদের বাবা শ্রী মুকেশ আম্বানি নিজের একটি স্বপ্ন দেখেছিলেন। তাঁর মূল লক্ষ্য ছিল, ভারত যেন প্রযুক্তির দৌড়ে কখনও কারও থেকে এক ইঞ্চিও পিছিয়ে না থাকে। গুজরাতের জামনগরের রুক্ষ ও অনুর্বর জমিতে তিনি তৈরি করেছিলেন এমন এক বিশাল শোধনাগার, যা পরবর্তীকালে বিশ্বের বৃহত্তম রিফাইনারিতে পরিণত হয়। তিনি সমগ্র বিশ্বকে দেখিয়েছেন যে, ভারত যখন একা কিছু তৈরি করার দায়িত্ব নেয়, তখন গোটা বিশ্ব বিস্ময়ে সেদিকে তাকিয়ে থাকে। আর এর পরেই এলো নতুন ভারতের নতুন প্রজন্মের যুগ। জন্ম নিল আরও এক যুগান্তকারী স্বপ্ন—দেশের প্রতিটি মানুষের হাতে ইন্টারনেট পৌঁছে দেওয়া, প্রতিটি গ্রামের সাধারণ মানুষের কাছে গোটা বিশ্বকে অবারিত করে তোলা। সেই জাদুকরী স্বপ্নেরই অপর নাম আজ জিও।”
জিওর অগ্রযাত্রার পেছনে ভাই আকাশ আম্বানি ও বোন ইশা আম্বানির অবদানের কথা স্মরণ করে অনন্ত বলেন, “আমাদের ইশা দিদি এই স্বপ্নের বীজ প্রথম বুনেছিলেন। আর আকাশ ভাই সেই স্বপ্নকে নিজের রক্ত-মাংসের স্বপ্ন করে নিয়েছিলেন। সমগ্র দেশ আজ আশীর্বাদে ভরিয়ে দিয়েছে জিওকে। হয়তো জিওই বিশ্বের একমাত্র এমন নাম, যার আক্ষরিক অর্থের মধ্যেই আশীর্বাদের ছোঁয়া লুকিয়ে রয়েছে। যখন সারা বিশ্ব করোনা মহামারী ও লকডাউনের জেরে সম্পূর্ণ থমকে গিয়েছিল, তখন স্কুল কলেজ বন্ধ থাকলেও জিওর কল্যাণে পড়াশোনা বন্ধ হয়নি। দেশের ছাত্রছাত্রীরা ঘরে বসেই নিজেদের পড়াশোনা নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যেতে পেরেছে।”
প্রযুক্তির সাধারণ মানুষের জীবন বদলানোর গল্পের উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, “গ্রাম থেকে কাজ বা জীবিকার টানে শহরে চলে যাওয়া কোনো তরুণ বা যুবকের পক্ষে মায়ের থেকে পুরোপুরি দূরে থাকা সম্ভব হয়নি। ভিডিও কলে মায়ের মুখ দেখে সে বুঝতে পারত রান্না হতে আর কতক্ষণ সময় লাগবে। মায়ের রান্নার পাত্রে সবজির রং দেখেই সে দূর থেকেই বলে দিতে পারত মশলা কষে নিতে আর কতক্ষণ সময় লাগবে। আজ আমরা বাড়িতে বসেই ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার এবং পবিত্র দর্শন করার সুযোগ পাচ্ছি। এর নেপথ্যেও রয়েছে জিওর নিরবচ্ছিন্ন সংযোগ।”
অনন্ত আম্বানি এক প্রান্তিক ছোট শহরের উদীয়মান কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে দেশের সীমান্তে বন্দুক হাতে পাহারা দেওয়া জওয়ান এবং হাসপাতালের ব্যস্ত চিকিৎসকের উদাহরণ টেনে বলেন, “আজ এক ছোট শহরের তরুণী, যার কাছে ছিল কেবল একটি সাধারণ মোবাইল ফোন, সে নিজের মেধা দিয়ে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে শুরু করেছে। আজ তাঁদেরই আমরা ইনফ্লুয়েন্সার বলে জানি। হাজার হাজার মাইল দূরে বরফে ঢাকা সীমান্তে দাঁড়িয়ে দেশের অখণ্ডতা রক্ষা করছেন এক জওয়ান। তিনি বাড়িতে ভিডিও কল করে বলছেন, ‘মা, আমি ভালো আছি।’ অন্যদিকে মুম্বইয়ের এক বিশিষ্ট চিকিৎসক রাজস্থানের পালিতে বসে গুরুতর অসুস্থ রোগীর জীবন বাঁচাচ্ছেন। এই কোটি কোটি মানুষকে এক অদৃশ্য সুতোয় শক্ত করে বেঁধে রেখেছে একটাই শক্তিশালী নাম—জিও।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপস্থিত শেয়ারহোল্ডার ও গ্রাহকদের উদ্দেশে অনন্ত আম্বানি ঘোষণা করেন, “জিওকে হয়তো খালি চোখে দেখা যায় না, কিন্তু ভারতের প্রতিটি ডিজিটাল হৃদস্পন্দনের সঙ্গে জিও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। জিও পরিবারের ৫৩ কোটি সদস্য আমাদের ওপর যে অবিচল আস্থা রেখেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। জিও আসলে আপনাদেরই তৈরি। আপনাদের প্রতিটি স্বপ্নকে বাস্তবায়িত করা এবং তা পূরণ করাই আমাদের একমাত্র ব্রত।”