আর নেই ‘সিআইডি’-র স্রষ্টা বিপি সিং! কান্নায় ভেঙে পড়ে কী বললেন এসিপি প্রদ্যুমন?

ভারতীয় টেলিভিশনের রহস্য ও থ্রিলার ধারার পথপ্রদর্শক, ‘সিআইডি’ (CID) এবং ‘আহট’ (Aahat)-এর খ্যাতিমান স্রষ্টা তথা প্রখ্যাত প্রযোজক-পরিচালক বিপি সিং (ব্রিজেন্দ্র পাল সিংহ) আর নেই। মঙ্গলবার ৭৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শেষকৃত্যের বিবরণ
পরিচালকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তাঁর নশ্বর দেহ মুম্বইয়ের আন্ধেরী ওয়েস্টের ৮০২, নবকরণ বিল্ডিংয়ে রাখা হয়। সকাল ৯:৩০টা থেকে আত্মীয়স্বজন, অনুরাগী ও সহকর্মীরা সেখানে তাঁকে শেষ বিদায় জানান। এরপর সকাল ১১:৩০ মিনিটে ওশিওয়ারা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শোকবিহ্বল এসিপি প্রদ্যুমন
বিপি সিংয়ের মৃত্যুর খবর পেয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন ‘সিআইডি’-তে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে এসিপি প্রদ্যুমনের চরিত্রে অভিনয় করা প্রবীণ অভিনেতা শিবাজি সাতাম। সংবাদমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “আজ আমার জীবনের সবচেয়ে বড় অধ্যায়ের সমাপ্তি ঘটল। তিনি ছিলেন এক মহান মানুষ এবং আমার প্রিয় বন্ধু। আমি থিয়েটার থেকে এসেছিলাম, তাই মঞ্চের অভিনয়ই জানা ছিল। কিন্তু ক্যামেরার সামনে কেমন করে অভিব্যক্তি প্রকাশ করতে হয় এবং অভিনয়ের বিশালতা (‘magnification’) ফুটিয়ে তুলতে হয়, তা বিপি সিংই আমাকে শিখিয়েছিলেন। তিনি ছিলেন একজন অসাধারণ শিক্ষক।” পদ্মশ্রী সম্মানের প্রসঙ্গ টেনে শিবাজি সাতাম আরও যোগ করেন, “আমাদের বন্ধুত্বের মধ্যে মতভেদে ঝামেলা হলেও তা কখনো সম্পর্কের গভীরতা কমায়নি। তাঁর মতো মানুষের ‘পদ্মশ্রী’ সম্মান পাওয়া উচিত ছিল। যদিও তিনি বলতেন, ‘এসবের কী দরকার? আমাদের দর্শক তো আছে!’ সত্যিই, দর্শক আজও আছেন এবং এটাই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি।”টেলিভিশন ধারাবাহিকে নির্দেশনার পাশাপাশি বিপি সিং ‘সিআইডি’-তে ‘ডিএসপি শমসের সিং চিত্রোল’ চরিত্রে অভিনয় করেও দর্শকদের মন জয় করেছিলেন। তাঁর সৃজনশীল কাজ ভারতীয় সংস্কৃতি ও পপ কালচারে এক অমর অধ্যায় হয়ে থাকবে।