ভিডিও কলে কথা বলার পরেই ফোন সুইচ অফ! বিদেশে গিয়ে কোন বিপদে পড়লেন কর্ণাটকের শ্যাড্রাক?

বিদেশের মাটিতে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন এক ভারতীয় যুবক। দেখতে দেখতে দীর্ঘ ১০ দিন পার হয়ে গেলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। ইসরায়েলে কর্মরত ৪১ বছর বয়সি ওই ভারতীয় যুবকের নাম শ্যাড্রাক ইমানুয়েল। তিনি কর্ণাটকের ম্যাঙ্গালুরুর পাডিলের নিকটবর্তী কান্নুরের কোডাক্কালের বাসিন্দা। গত ১৬ অক্টোবর স্ত্রীর সঙ্গে শেষবার ভিডিও কল ও মেসেজে কথা হয়েছিল তাঁর। তার পর থেকেই নিখোঁজ তিনি, ফোনও বন্ধ। এই ঘটনায় চরম দুশ্চিন্তা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, শ্যাড্রাক গত দেড় বছর ধরে জীবিকার তাগিদে ইসরায়েলে বসবাস করছিলেন। প্রথমে তিনি তেল আবিবের একটি ইসরায়েলি সংস্থায় কাজ করতেন। পরবর্তীতে তিনি নাজারেথের কাছে অবস্থিত নোফ হাগালিলের ‘ইউসিটি লিকুইড সলিউশন’ নামক সংস্থায় কর্মরত ছিলেন। গত ১৬ অক্টোবর রাত ৮টা ৪৯ মিনিটে তিনি স্ত্রীকে শেষ একটি মেসেজ পাঠান। তার ঠিক আগেই পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে স্বাভাবিকভাবেই কথা বলেছিলেন তিনি। কিন্তু সেই রাত পার হতেই তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

কোনো উপায় না দেখে গত ২১ অক্টোবর পরিবারের তরফ থেকে ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাসে ইমেলের মাধ্যমে সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি ম্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার সুধীর কুমার রেড্ডির কাছেও একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। বিদেশে ভারতীয় নাগরিকের এমন রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় কূটনৈতিক স্তরে তৎপরতা শুরু হয়েছে।