কাতিল নই, আশিক! ৬০-এর দোড়গোড়ায় শাহরুখের নয়া অবতার নিয়ে কাঁপছে বলিপাড়া

চোখে সেই আগুনে তীব্র চাউনি, আর মুখে ধরা একটি তাজা লাল গোলাপ। এক একক ঝলকেই যেন দুই ভিন্ন শাহরুখ খান (Shah Rukh Khan)—এক দিকে অ্যাকশনের চরম দুর্ধর্ষ নায়ক, অন্য দিকে কোটি কোটি হৃদয়ের চেনা রোম্যান্টিক কিং! মঙ্গলবার প্রকাশ্যে এলো শাহরুখ খানের বহুপ্রতীক্ষিত ছবি ‘কিং’-এর নতুন চমকপ্রদ পোস্টার (Shah Rukh Khan’s New King Poster)। আর সেই ধামাকাদার পোস্টার সমাজমাধ্যমে অনুরাগী ও সিনেপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়ে অভিনেতা নিজেই লিখলেন, “আজ আবার মনে পড়ল… কাতিল নই, আশিক!”
অর্থাৎ, তিনি খুনি নন, বরং প্রেমিক! তবে এই নতুন পোস্টারের দিকে চোখ রাখলে যেকোনো অনুরাগীই একবাক্যে শিকার করবেন যে, এই আশিকের চোখেই লুকিয়ে রয়েছে আস্ত সমাজকে কোতল করার ভয়ানক ক্ষমতা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই বিগ-বাজেট ছবিটিতে মারকাটারি অ্যাকশনের পাশাপাশি এক গা ছমছমে প্রেমের রসায়নও যে ভরপুর থাকছে, তা পোস্টারটি দেখলেই স্পষ্ট। ফলে এক দিকে রক্তগরম করা মারকাটারি মেজাজ, আর অন্যদিকে বলিউডের রাজকীয় ‘কিং অব রোম্যান্স’—দুই রূপেই কি পর্দায় ঝড় তুলবেন শাহরুখ? তা জানতে অপেক্ষা করতে হবে শুভ দিনটি পর্যন্ত। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে ছবিটি।
নিজের ৬০তম জন্মদিনে অনুরাগীদের এক বিশেষ অনুষ্ঠানে ‘কিং’ ছবিতে তাঁর চরিত্র নিয়ে মুখ খুলেছিলেন শাহরুখ। তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন, এই বিশেষ চরিত্রটি অত্যন্ত নির্মম এবং তার ভেতরে এক গাঢ় ধূসর ছায়া লুকিয়ে রয়েছে। প্রচলিত নায়ক আর খলনায়কের মধ্যে কৃত্রিম বিভাজনে যে তিনি বিশ্বাসী নন, সে কথা স্মরণ করিয়ে দিয়ে অভিনেতা নিজের অতীত সফল ছবি ‘ডর’, ‘ডন’, ‘অঞ্জাম’ এবং ‘বাজিগর’-এর প্রসঙ্গ টানেন। কেরিয়ারের একদম শুরুতেই সেই সব জটিল চরিত্রে প্রথাগত নায়কসুলভ ভাবমূর্তির বাইরে গিয়ে দর্শকদের বারবার চমকে দিয়েছিলেন কিং খান।
উল্লেখ্য, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে শাহরুখের পাশাপাশি স্ক্রিন শেয়ার করছেন কন্যা সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ার্সি ও অনিল কাপুরের মতো একঝাঁক প্রথম সারির তারকা। তবে বড়দিনের ঠিক মুখে আন্তর্জাতিক বক্স অফিসে জমজমাট মহাসংগ্রামের সঙ্কেত মিলছে। কারণ ‘কিং’-এর সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘ডিউন: পার্ট থ্রি’ এবং নাগার্জুনের শততম ছবি ‘কিং ১০০’। তবে সব প্রতিযোগিতাকে বুড়ো আঙুল দেখিয়ে একটিমাত্র গোলাপ হাতেই আপাতত সোশ্যাল মিডিয়া বাজিমাত করেছেন বলিউডের আসল বাদশাহ!