বারুইপুরের ছায়া গাইঘাটায়! নাবালিকাকে ধর্ষণ-খুনে ধৃতের এনকাউন্টার, ভোরে কেঁপে উঠল এলাকা!

বারুইপুরের স্মৃতি উসকে ফের একবার রাজ্যে পুলিশের এনকাউন্টারের ঘটনা ঘটল। উত্তর ২৪ পরগনার গাইঘাটায় এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত প্রভাসের এনকাউন্টার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে ঘটা এই লোমহর্ষক কাণ্ডে রাজ্যজুড়ে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপরাধের পুনর্নির্মাণের সময় পুলিশের হাত থেকে অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করেছিল অভিযুক্ত। আত্মরক্ষার্থেই পুলিশকে পাল্টা গুলি চালাতে হয়, যাতে মৃত্যু হয় ওই অভিযুক্তের।
ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানিয়েছে, গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে প্রভাস দাসকে গ্রেফতার করা হয়েছিল। মঙ্গলবার ভোররাতে ঘটনার পুনর্নির্মাণের পর থানায় ফেরার পথে প্রস্রাবের বাহানা করে সে। সেই সুযোগেই এক সাব-ইন্সপেক্টরের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে সে পরপর তিন রাউন্ড গুলি চালায়, যা পুলিশের গাড়িতে গিয়ে লাগে। এমনকি গুলিতে এক পুলিশ আধিকারিক আহতও হন। পরিস্থিতি সামাল দিতে এবং আত্মরক্ষার খাতিরে পুলিশও পাল্টা চার রাউন্ড গুলি চালায়। দুপক্ষের এই সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় অভিযুক্ত।
এই ঘটনার পর বারুইপুরের গত বছরের ঘটনার সঙ্গে এক অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন অনেকে। এর আগে বারুইপুরেও এক শিশুকে ধর্ষণ ও খুনের অভিযুক্ত একইভাবে পুলিশের অস্ত্র কেড়ে পালানোর চেষ্টা করলে এনকাউন্টারের শিকার হয়েছিল। গাইঘাটার ক্ষেত্রেও থানা থেকে ১.৭ কিলোমিটার দূরে একই কায়দায় এনকাউন্টার ঘটে।
এদিকে নিজের মেয়েকে হারানো শোকস্তব্ধ বাবা সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়ায় বলেন, “মেয়েকে তো আর ফিরে পাব না। পুলিশ পালানোর চেষ্টা করলে গুলি তো করবেই। যা হয়েছে, হয়েছে।” পুরো এলাকা ঘিরে রেখে বর্তমানে ফরেনসিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে তদন্ত চালাচ্ছে পুলিশ।