“সরকারি হাসপাতালের চেয়ে ইগো বড় নয়!” চোরবাগানের আহতদের বেসরকারি হাসপাতালে স্থানান্তর নিয়ে বিস্ফোরক সোজা কথা শুভেন্দুর

সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজো মণ্ডপে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের কলকাতা মেডিক্যাল কলেজ থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা নিয়ে তৈরি হওয়া বিতর্কের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি হাসপাতালের ইগো না দেখিয়ে আহতদের প্রাণ বাঁচানো এবং উন্নত পরিষেবাকেই যে রাজ্য সরকার অগ্রাধিকার দিয়েছে, সোমবার শহরের এক অনুষ্ঠানে দাঁড়িয়ে তা সাফ জানিয়ে দেন তিনি।

উলেখ্য, সপ্তমীর দুর্ঘটনার পরপরই হাসপাতালে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে উন্নতমানের সরকারি হাসপাতাল থাকা সত্ত্বেও আহতদের বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে পাঠানোয় সওয়াল তুলেছিল ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’।

“মা দুর্গার কৃপায় সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন”

সোমবার মিলন মেলায় আয়োজিত রাজ্য সরকারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আহতদের পরিবারের মতামত নিয়েই তাঁদের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।

সমালোচকদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী সোজাসাপ্টা মন্তব্য করেন:

“বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এতে ব্যর্থতার কিছু নেই। সরকারি হাসপাতালের তুলনায় দামি হাসপাতালে পরিষেবা অনেক ভালো। ইগো দেখিয়ে, অহঙ্কার দেখিয়ে, ‘হাম কিসিসে কম নেহি’ বলে আমি আহতদের আটকে রাখিনি। মা দুর্গার কৃপায় তাঁরা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।”

বাতিল করা হলো সাংস্কৃতিক অনুষ্ঠান

এদিনের বিজয়া সম্মিলনীর মঞ্চের শুরুতেই চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নামী শিল্পীদের এনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের পরিকল্পনা ছিল, কিন্তু চোরবাগানের শোকাবহ ঘটনার কথা মাথায় রেখে সমস্ত বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

পাশাপাশি, স্বজনহারা পরিবারগুলির পাশে সবরকমভাবে থাকার এবং প্রশাসনিক সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।