উত্তরপ্রদেশে মহা জোট ভাঙার মুখে! ২০০ আসনের দাবিতে সপা-কংগ্রেসে চরম রক্তক্ষয়ী দ্বন্দ্ব

উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটে ফাটল ধরার জল্পনা এখন তুঙ্গে। একদিকে কংগ্রেস ও সমাজবাদী পার্টি (সপা) বারবার জোটবদ্ধভাবে লড়ার কথা বললেও, আসন ভাগাভাগি বা সিট শেয়ারিংয়ের ফর্মুলা নিয়ে দুই দলের মধ্যে তীব্র মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছে। সম্প্রতি লখনউয়ের বিভিন্ন প্রান্তে “২০০ সিট হক হ্যায় হামারা” লেখা রহস্যজনক পোস্টার চোখে পড়ার পর রাজনৈতিক মহলে হুলস্থুল শুরু হয়েছে। যদিও কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ এই পোস্টারগুলির দায় সরাসরি শাসক দল বিজেপির ঘাড়েই চাপিয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, উত্তরপ্রদেশে কংগ্রেস দল মোট ২০০টি আসনের দাবি জানিয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফল করার আত্মবিশ্বাস থেকেই কংগ্রেস এই বড় দাবি তুলেছে। কিন্তু অন্যদিকে, সমাজবাদী পার্টি কংগ্রেসকে মাত্র ৬০ থেকে ৭০টি আসন ছাড়ার মানসিকতা নিয়ে এগোচ্ছে। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস মাত্র ৭টি এবং ২০২২ সালের নির্বাচনে মাত্র ২টি আসনে জয়ী হওয়ায় সপা তাদের বড় অংশ ছাড়তে নারাজ। এই বিপুল ব্যবধানের ফলেই দুই মিত্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।
তবে সমস্ত জল্পনা ও বিরোধিতাকে উড়িয়ে দিয়ে কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ দাবি করেছেন যে, বিজেপি এই জোট দেখে আতঙ্কিত হয়ে পড়েছে এবং তাদের মধ্যে বিভাজন তৈরি করতেই এই ধরণের নোংরা রাজনীতি করছে। তিনি আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই আলোচনার মাধ্যমে আসন সমস্যা মিটে যাবে এবং আগামী ১৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসতে পারে।