কোজাগরী লক্ষ্মীপুজোয় দ্বিগুণ আনন্দ ঋতুপর্ণার ঘরে! নেপথ্যে স্বামী সঞ্জয়ের কী খাস যোগ?

টলিউড সম্রাজ্ঞী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) মানেই একাধারে দুর্দান্ত অভিনয়, অন্যদিকে দক্ষতার সঙ্গে সংসার পরিচালনা। ক্যারিয়ারের ব্যস্ততা এবং বিদেশে থাকা স্বামী-সন্তানদের সামলেও প্রতি বছরের মতো এবারও ঐতিহ্য মেনে কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন করেছিলেন দক্ষিণ কলকাতার বাসভবনে। তবে এই বিশেষ দিনটি ঋতুপর্ণার শ্বশুরবাড়ির জন্য অত্যন্ত আবেগের, কারণ কোজাগরী লক্ষ্মীপুজোর দিনেই জন্মগ্রহণ করেছিলেন তাঁর স্বামী সঞ্জয় চক্রবর্তী।
পুজো প্রসঙ্গে অভিনেত্রী জানান, ব্যস্ততার কারণে বাড়িতে ছোট করেই পুজোর আয়োজন করা হয়। কিন্তু শৈশব থেকেই মা ও ঠাকুমাকে হাত লাগিয়ে পুজো করতে দেখে এসেছেন তিনি। মায়ের উপদেশ মেনেই প্রতি বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজে লক্ষ্মীর পাঁচালি পাঠ করেন ঋতুপর্ণা। মায়ের হাতের সিন্নি ও পুজোর স্মৃতি আজও তাঁর মনে অমলিন। এদিন লুচি, সুজি, ফল, নাড়ু ও মোয়া দিয়ে ধুমধাম করে মা লক্ষ্মীর আরাধনা করেন তিনি। নিজের বাড়ির পুজো সামলানোর পাশাপাশি মহানায়ক উত্তম কুমারের বাড়ির ঐতিহ্যবাহী লক্ষ্মীপুজোতেও হাজির ছিলেন অভিনেত্রী। সেখানে শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে নিমন্ত্রণ রক্ষা করে নিজের ঘরের লক্ষ্মীপুজোও নিখুঁতভাবে সামলান টলিউডের এই আইকন।