চরম সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের! ‘অর্ণব’-এর প্রভাবে বাংলায় একটানা প্রবল বৃষ্টির পূর্বাভাস?

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি গত কয়েক ঘণ্টায় দ্রুত শক্তি বাড়িয়ে অবশেষে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠে তীব্র গতিতে ঘনীভূত হয়ে এটি দ্রুত পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ২৬ অক্টোবর গভীর রাতের মধ্যেই এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ভয়াবহ রূপ নিয়ে একটি প্রবল ঘূর্ণিঝড়ে (Severe Cyclonic Storm) রূপ নিতে চলেছে। পরবর্তী সময়ে ২৭ অক্টোবরের মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর সকালের দিকে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ একটি অত্যন্ত শক্তিশালী সাইক্লোন হিসেবে অন্ধ্রপ্রদেশ ও ইয়েনাম উপকূল অতিক্রম করতে পারে। সেই সময় উপকূলে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা সর্বোচ্চ ১৪০ কিলোমিটারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে স্থলভাগে আছড়ে পড়ার পর এটি ধীরে ধীরে শক্তি হারিয়ে দুর্বল হতে শুরু করবে।
এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৭ ও ২৮ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৮ ও ২৯ অক্টোবরের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে উপকূলীয় জেলাগুলোতে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।