দিল্লির মিলন গার্ডেনে ভয়াবহ পরিণতি! দোতলা ধসে ধ্বংসস্তূপের নিচে পিষে গেলেন বাবা-ছেলে!

দিল্লিতে ফের প্রকাশ্যে এল বেআইনি ও দুর্বল নির্মাণের ভয়াবহ পরিণতি। উত্তর-পূর্ব দিল্লির হর্ষ বিহার থানা এলাকার মিলন গার্ডেনে একটি নির্মীয়মান বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন সম্পর্কে বাবা ও ছেলে— ৬০ বছর বয়সী চন্দরপাল এবং ৩৩ বছর বয়সী বিজয় কুমার।

সংবাদ সংস্থা সূত্রের খবর, রবিবার সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট নাগাদ ভবনটি ধসে পড়ার খবর পায় দিল্লি ফায়ার সার্ভিস। এরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন, এনডিআরএফ, পুলিশ এবং সিভিল ডিফেন্স কর্মীরা। বাড়িটির মালিক মনোজ কুমার নামে এক ব্যক্তি। একতলার গুদামের ওপর দোতলা তৈরির কাজ চলছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, পুরোনো দুর্বল স্ল্যাবের ওপর নতুন কংক্রিটের লিন্টেল বসানোর সময় অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে পুরো কাঠামোটি ভেঙে পড়ে।

টানা ১৪ ঘণ্টার নিরলস অভিযানের পর ধ্বংসস্তূপের নিচ থেকে বাবা- ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। ইতিপূর্বে সত্য নিকেতনেও এমন ভবনের বেসমেন্ট মেরামতের সময় ধসে ৭ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর দিল্লির স্থানীয় প্রশাসন ও সমস্ত উদ্ধারকারী দল একযোগে তদন্ত শুরু করেছে।