‘তেরঙা মার্চ’-এর আগেই তোলপাড় দিল্লি! গ্রেফতারির ২৪ ঘণ্টার মধ্যে ককরোচ জনতা পার্টির প্রধানকে নিয়ে বড় খবর

নির্বাচনী কারচুপির অভিযোগে দেশজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। কিন্তু পরিকল্পনা অনুযায়ী ‘তেরঙা মার্চ’ শুরুর আগেই গ্রেফতার হতে হয় দলের প্রতিষ্ঠাতাকে। অবশেষে গ্রেফতারির একদিন পর শনিবার দিল্লির একটি আদালত শর্তসাপেক্ষে মুক্তি দিল CJP প্রধান অভিজিৎ দীপকে-কে।
প্রতিবাদসূচি অনুযায়ী, দিল্লির প্রাণকেন্দ্র কনট প্লেসে একটি বিশাল ‘তেরঙা মার্চ’ বা ‘তিরঙ্গা যাত্রা’-র আয়োজন করেছিলেন অভিজিৎ দীপকে। উদ্দেশ্য ছিল নির্বাচনী প্রক্রিয়া এবং ভোট কারচুপির বিরুদ্ধে সরব হওয়া। তবে কর্মসূচির ঠিক আগের মুহূর্তেই দিল্লি পুলিশ তাঁকে ঘিরে ফেলে। প্রথমে তাঁকে আটক করা হলেও পরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একাধিক ধারায় গ্রেফতার করা হয়।
শনিবার তাঁকে আদালতের সামনে পেশ করা হলে বিচারক শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেন এবং হেফাজত থেকে মুক্তির নির্দেশ দেন। উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই ‘ককরোচ জনতা পার্টি’র একাধিক নেতা পুলিশের আতশিকাচের তলায় রয়েছেন। দলের মূল রূপকারকে এভাবে আটক ও গ্রেফতারের ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।