পুজোর ভিড় থেকে মুক্তি! হাওড়া-দিল্লি-চেন্নাই রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেনের ঘোষণা করল রেল

দুর্গাপুজোর আনন্দ উদযাপনে মেতে উঠেছে সাধারণ মানুষ। তবে উৎসবের এই কদিন ঘরমুখো ও বেড়াতে যাওয়া যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এবার বড় পদক্ষেপ করল ভারতীয় রেল। রেলের তরফে ঘোষণা করা হয়েছে যে, যাত্রীদের যাতায়াত আরও মসৃণ ও সুবিধাজনক করতে হাওড়া-নয়াদিল্লি, সাঁতরাগাছি-কেন্দুয়াপাড়া এবং চেন্নাই-সাঁতরাগাছি রুটে একাধিক বিশেষ বা স্পেশাল ট্রেন চালানো হবে।
হাওড়া-নয়াদিল্লি স্পেশাল ট্রেন: পূর্ব রেলের তথ্য অনুযায়ী, হাওড়া ও নয়াদিল্লির মধ্যে বিশেষ ট্রেন চলাচল করবে। ট্রেন নম্বর ০৪০৭০ নয়াদিল্লি থেকে ছেড়ে নির্দিষ্ট সময়ে হাওড়ায় এসে পৌঁছবে এবং ফিরতি পথে ট্রেন নম্বর ০৪০৬৯ আগামী ১৮ অক্টোবর বিকেল ৩টের সময় হাওড়া থেকে রওনা দিয়ে ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নয়াদিল্লিতে পৌঁছবে। এই ট্রেনগুলিতে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কামরা থাকছে। যাত্রাপথে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জসিডি স্টেশনে ট্রেনগুলির থামার ব্যবস্থা রাখা হয়েছে। খুব শীঘ্রই এই ট্রেনগুলির টিকিট বুকিংয়ের প্রক্রিয়া শুরু হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।