“পুজোয় বুক স্টল করা হল না! সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে বড় ধাক্কা দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ”

পুজোর মরসুমে বনগাঁয় সিপিএমের বুক স্টল খোলার জট কাটল না। সিঙ্গল বেঞ্চের দেওয়া অনুমতি খারিজ করে বড়সড় ধাক্কা দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ফলে এবছর পুজোর দিনগুলিতে বনগাঁ যশোর রোডে বামেদের বইয়ের স্টল বসার আর কোনো সম্ভাবনা রইল না।
পুজোর কটা দিন বনগাঁ যশোর রোডে সিপিআই(এম)-এর পক্ষ থেকে একটি বইয়ের স্টল দেওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বাম শিবির। গত বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ সেই আর্জি মঞ্জুর করে স্টল দেওয়ার পক্ষে রায় দিয়েছিল। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি মহম্মদ সাব্বার রশিদির পুজো অবকাশকালীন বিশেষ ডিভিশন বেঞ্চ গতকালের একক বেঞ্চের নির্দেশের উপর কড়া স্থগিতাদেশ জারি করে।
এদিন শুনানিতে আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ ছিল, “কোনো রকম বৈধ অনুমতি ছাড়া সরকারি জায়গায় বা রাস্তায় এ ধরনের কোনো স্টল তৈরি করা যায় না।” একই সঙ্গে আদালতের কড়া বার্তা, বনগাঁয় সিপিএমের পার্টি অফিসের সামনে যদি হিন্দু জাগরণ মঞ্চের কোনো স্টল অনুমতি ছাড়া থেকে থাকে, তবে প্রশাসনকে সেই স্টলও ভেঙে ফেলতে হবে। সবমিলিয়ে, আইনি জটিলতার জেরে পুজোর মুখে বামেদের এই বুক স্টল তৈরির প্রচেষ্টা আপাতত স্থগিতই রইল।