পুজোয় বাড়ি ফেরা হলো না! ট্রেনের চরম গড়িমসিতে রেললাইন অবরোধ করে কামারকুণ্ডুতে ভয়ঙ্কর বিক্ষোভ যাত্রীদের

মহাষষ্ঠীর উৎসবের আনন্দ শুরু হতেই চরম ভোগান্তির শিকার রেলযাত্রীরা। ট্রেনের দীর্ঘ অপেক্ষায় এবং লাগাতার লেট চলার জেরে ধৈর্যের বাঁধ ভেঙে ক্ষিপ্ত যাত্রীরা সরাসরি রেললাইনে নেমে প্রবল বিক্ষোভ দেখালেন। শুক্রবার ষষ্ঠীর সকালে হুগলির কামারকুণ্ডু স্টেশনে ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। এই তুমুল বিক্ষোভের জেরে দীর্ঘ প্রায় এক ঘণ্টা ধরে রেললাইনে আটকে থাকে গুরুত্বপূর্ণ আপ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন।
বিক্ষোভকারী যাত্রীদের অভিযোগ, রেলের খামখেয়ালি প্যানেল এবং সিগন্যালিং ব্যবস্থার কারণে ট্রেন নিয়মিত ঘণ্টার পর ঘণ্টা দেরিতে চলছে। উদাহরণ হিসেবে যাত্রীরা জানান, বৃহস্পতিবার বিকেলে গন্তব্যে পৌঁছানোর কথা থাকলেও আপ কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসটি কামারকুণ্ডুতে এসে পৌঁছায় শুক্রবার সকাল সাড়ে ছ’টায়। যাত্রীদের সাফ কথা, ট্রেন এমন অস্বাভাবিক দেরি করার ঘটনা আজ নতুন কিছু নয়, বরং এটি প্রায় প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। যার ফলে কর্মব্যস্ত মানুষ থেকে শুরু করে পুজোয় বাড়ি ফেরা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রতিদিনের এই বঞ্চনা ও অসহনীয় দুর্ভোগের প্রতিবাদেই এদিন সকালের দিকে ক্ষিপ্ত যাত্রীরা আর চুপ থাকেননি। তাঁরা একেবারে রেললাইনে নেমে এসে জোরালো বিক্ষোভ শুরু করেন। লাইনে সাধারণ মানুষের এই অবরোধের কারণে আপ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেসের পাশাপাশি অন্য বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। মহিষষ্ঠীর মতো একটি পবিত্র ও আনন্দের দিনে এমন ভয়াবহ রেল অবরোধ ও চরম অচলবস্থা তৈরি হওয়ায় রেল প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।