‘জয় জোহর’ বলতেই বেধড়ক গালিগালাজ! আদিবাসী ছাত্রদের ওপর চড়াও হয়ে সাসপেন্ড দর্বৃত্ত টিআই

মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে এক চাঞ্চল্যকর ও লজ্জাজনক ঘটনা সামনে এসেছে। ভোপালের মিশ্রোদ থানা এলাকায় কিছু আদিবাসী ছাত্র স্থানীয় সমস্যা নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশকে ‘জয় জোহর’ অর্থাৎ নিজেদের সংস্কৃতি অনুযায়ী অভিবাদন জানান। অভিযোগ, এই বিশেষ সম্ভাষণ শুনেই উগ্র মেজাজে ফেটে পড়েন মিশ্রোদ থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ (টিআই) রতন সিং পরিহার। তিনি শুধু ছাত্রদের ওপর চড়াও হননি, বরং তাঁদের উদ্দেশ্যে অত্যন্ত অশালীন মন্তব্য ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি ছাত্রদের চরম হুমকি দিয়ে টিআই বলেন, “তোমাদের এখানেই পিটিয়ে শেষ করে দেব।”

এই ঘটনার একটি ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। বিরোধী দল কংগ্রেসের রাজ্য সভাপতি জিতু পাটোয়ারী এবং বিধানসভার বিরোধী দলনেতা উমঙ্গ সিংহাড় তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর (FIR) ও কঠোর শাস্তির দাবি জানান। উমঙ্গ সিংহাড় বলেন, “সংবিধান ও গণতন্ত্র রক্ষার জন্য যারা আওয়াজ তুলছেন, তাঁদের সঙ্গে ‘জোহর’ বলার অপরাধে এমন অভদ্র আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক। ‘জোহর’ হলো আদিবাসী সমাজ ও সংস্কৃতির অহংকার এবং সম্প্রীতির প্রতীক।”

তীব্র রাজনৈতিক চাপানউতোর এবং আদিবাসী বিধায়কদের কড়া প্রতিবাদের মুখে নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনার গুরুত্ব বুঝে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। বুধবারই অভিযুক্ত টিআই রতন সিং পরিহারকে বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে এবং পুলিশ কমিশনার তাঁর বিরুদ্ধে উচ্চপর্যায়ের বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ড. মোহন যাদবও পুরো ঘটনার ওপর কড়া নজর রাখছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, আদিবাসী সমাজ ও তাঁদের আত্মসম্মানের ওপর আঘাত হানলে কাউকে রেয়াত করা হবে না।