মাঝআকাশে ভারতীয় পাইলটের উপর মারাত্মক হামলা! ফ্লাইদুবাই কাণ্ডে এবার ময়দানে এনআইএ

সম্প্রতি ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ঘটে যাওয়া চাঞ্চল্যকর হামলা ও ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় এবার তদন্তভার নিজেদের হাতে নিল ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ককপিটের ভিতরে ওমানি সহকারী পাইলট হামাম আল হাম্মামির হাতে আক্রান্ত হন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ওই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে এবার আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করল এনআইএ।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ধৃত সহকারী পাইলটের বিরুদ্ধে অ্যান্টি-হাইজ্যাকিং অ্যাক্ট, ২০১৬-র ৩ নম্বর ধারা এবং অত্যন্ত কঠোর বেআইনি কার্যকলাপ প্রতিরোধমূলক আইন (UAPA)-এর বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর তেল আভিভগামী ওই বিমানে ভারতীয় নাগরিক ক্যাপ্টেন মাচ্ছারকে যেভাবে আক্রমণ করা হয়েছিল, তা নিয়ে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। যদিও শেষ পর্যন্ত এক ইসরায়েলি দন্তচিকিৎসকের সাহসিকতায় ক্যাপ্টেন মাচ্ছারের প্রাণ রক্ষা পায় এবং বড় ধরণের বিমান দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

কেন্দ্রীয় নির্দেশিকায় এই ঘটনার আন্তর্জাতিক ও জাতীয় নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।