ককপিটে রক্তক্ষয়ী সংঘর্ষ ও বিমান ছিনতাইয়ের চেষ্টা! ফ্লাইদুবাই কাণ্ডে বিরাট পদক্ষেপ ভারতের

চলতি বছরের গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আভিভগামী একটি ফ্লাইটে (ফ্লাইদুবাই ফ্লাইট এফজেড ১০৭৩) ঘটা চাঞ্চল্যকর ও রক্তক্ষয়ী হামলার ঘটনায় এবার আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করল ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। আন্তর্জাতিক আকাশে উড়ন্ত বিমানের ককপিটের ভেতরেই ভারতীয় নাগরিক ও ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের ওপর প্রাণঘাতী আক্রমণ চালিয়েছিলেন ওমানের ফার্স্ট অফিসার বা কো-পাইলট। বিমানটি ছিনতাই করা কিংবা ধ্বংস করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

কেন্দ্রীয় সরকারের নির্দেশেই এই হাই-প্রোফাইল মামলার তদন্তভার হাতে নিয়েছে এনআইএ। প্রাথমিক তথ্যানুযায়ী, অভিযুক্ত কো-পাইলটের হামলায় গুরুতর আহত হন ক্যাপ্টেন মাচ্ছার। তাঁর মাথা ও হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়। যাত্রীবাহী বিমানকে মাঝাকাশে জিম্মি করা বা ধ্বংস করার এই ভয়াবহ প্রচেষ্টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে নয়াদিল্লি। সেইমতো অ্যান্টি-হাইজ্যাকিং অ্যাক্ট, ২০১৬ এবং ইউএপিএ (UAPA)-র কঠোর ধারায় এফআইআর দায়ের করে তদন্তের পরিধি বাড়াচ্ছে দেশের প্রধান সন্ত্রাসবাদ দমনকারী এই গোয়েন্দা সংস্থা। আন্তর্জাতিক আকাশসীমার নিরাপত্তা ও এই হামলার নেপথ্যে কোনো গভীর ষড়যন্ত্র বা আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।