ফ্লাইটে বসেই নাটকীয় আটক! যন্তর মন্তর অভিযানের আগে পুলিশি জালে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে

প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে এবং এসআইআর (SIR) প্রক্রিয়ার বিরোধিতায় দিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। আন্দোলন প্রতিহত করতে দিল্লি পুলিশ নজিরবিহীন ধরপাকড় ও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবেই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার ধ্রুব রাঠীকে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর তাঁর বাবা-মায়ের বাসস্থান থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ। এর পাশাপাশি, ‘তেলাপোকা জনতা পার্টি’ (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে সরাসরি বিমান থেকে আটক করা হয়েছে।

সূত্রের খবর, মুম্বই থেকে দিল্লিগামী বিমানের ভেতরেই পুলিশ আধিকারিকরা তাঁদের ঘিরে ফেলেন। পুলিশকে দেখেই পরিস্থিতি বুঝে দীপকে ও তাঁর সঙ্গীরা বুঝতে পারেন যে তাঁদের আটকের পরিকল্পনা করা হয়েছে। সেই সময় অভিজিৎ দীপকে হাতজোড় করে পুলিশ কর্মীদের উদ্দেশে বলেন, “আমি গ্রেপ্তার হতে এসেছি, দয়া করে আমাকে গ্রেপ্তার করুন।” যদিও পুলিশ এটিকে সাধারণ আটক প্রক্রিয়া বলে অভিহিত করে সহযোগিতার অনুরোধ জানায় এবং তাঁদের জোরপূর্বক বিমান থেকে নামিয়ে একটি প্রিজন ভ্যানে বাসে করে নিয়ে যায়। সিজেপি নেতৃত্বের তরফ থেকে এই পদক্ষেপকে সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ও অগণতান্ত্রিক চক্রান্ত বলে তীব্র নিন্দা জানানো হয়েছে। তাঁদের দাবি, কোনোভাবেই সরকারের এই দমনপীড়ন নীতি আন্দোলনকে দমাতে পারবে না।