স্বামীর মন পেতে দুই সতিনের রক্তাক্ত লড়াই! কুশীনগরে মর্মান্তিক হত্যাকাণ্ডে চাঞ্চল্য

উত্তরপ্রদেশের কুশীনগর জেলার নেবুয়া নৌরঙ্গিয়া থানার জঙ্গল জগদীশপুর গ্রামের মাদারহাওয়া টোলায় এক মর্মান্তিক ও লোমহর্ষক পারিবারিক বিবাদের জেরে ঘটে গেল এক বিভৎস হত্যাকাণ্ড। শনিবার সকালে পারিবারিক অশান্তি চরম আকার ধারণ করায় ধারালো অস্ত্রের আঘাতে খুন হন ৪৮ বছর বয়সী ওম প্রকাশ রাজভর নামের এক ব্যক্তি। এই সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী সুমিত্রা দেবীও। ঘটনার পরই প্রথম স্ত্রী উর্মিলা দেবী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্ত প্রমাণ সংগ্রহ করেছে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওম প্রকাশ রাজভর পেশায় একজন দিনমজুর ছিলেন এবং তাঁর দুটি পরিবার ছিল। প্রথম স্ত্রী উর্মিলার তিন মেয়ে ও এক ছেলে এবং দ্বিতীয় স্ত্রী নিত্যার (সুমিত্রা) এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই স্বামী কার কাছে থাকবেন এবং পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দুই সতিনের মধ্যে তীব্র অশান্তি চলে আসছিল। এমনকী প্রথম স্ত্রী স্বামীর বিরুদ্ধে আদালতে ভরণপোষণের মামলাও করেছিলেন। ঘটনার দিন সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ফাঁকা মাঠে ওম প্রকাশ গেলে, দুই স্ত্রী সেখানে এসে হাজির হন। স্বামীকে নিজেদের কাছে টানার জেরে তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ উঠেছে, প্রথম পক্ষের সন্তানরাও সেখানে উপস্থিত হয়ে ওমপ্রকাশের ওপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করে। বাধা দিতে গেলে দ্বিতীয় স্ত্রীও গুরুতর জখম হন। বর্তমানে পুলিশ পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।