জাদুঘরের আঙিনায় দুর্গারূপে নাচবেন ডোনা গাঙ্গুলি! আলোড়ন ফেলতে চলেছে ‘রূপং দেহি, জয়ং দেহি’

শারদোৎসবের শুভ আবহে দেবীপক্ষের সূচনায় নারীশক্তির মহিমান্বিত আরাধনায় এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রোচ্চারণ, স্তোত্রপাঠ, ভক্তিমূলক সঙ্গীত এবং ওড়িশি নৃত্যের এক অপূর্ব মেলবন্ধনে দেবী দুর্গার চিরন্তন রূপ তুলে ধরতে চলেছে বিশিষ্ট নৃত্য সংস্থা ‘দীক্ষামঞ্জরী’। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক (Ministry of Culture), ইন্ডিয়ান মিউজিয়াম এবং ‘শী কাঁথা’-র যৌথ উদ্যোগে আয়োজিত ১১ থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলা ‘দেবী দুর্গা’ উৎসবের অংশ হিসেবে পরিবেশিত হতে যাচ্ছে দীক্ষামঞ্জরীর এই বিশেষ প্রযোজনা ‘রূপং দেহি, জয়ং দেহি’। আগামী ১২ অক্টোবর, সোমবার সন্ধ্যা ৬টায় কলকাতার ভারতীয় জাদুঘরের (Indian Museum) ঐতিহাসিক সেন্ট্রাল কোর্টইয়ার্ডে অনুষ্ঠিত হবে এই মনোজ্ঞ নৃত্য-গীতি আলেখ্য।

এই বিশেষ নিবেদনে দেবী দুর্গার দশরূপ, মহিষাসুরমর্দিনীর বীরত্ব এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির জয়ের চিরন্তন কাহিনি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হবে। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে দুর্গার ভূমিকায় মঞ্চ মাতাবেন বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি। মহিষাসুরের চরিত্রে দেখা যাবে প্রখ্যাত শিল্পী রঘুনাথ দাসকে। সমগ্র অনুষ্ঠানের ভাষ্য ও স্তোত্রপাঠের দায়িত্বে থাকছেন ড. আনন্দ গুপ্ত, যিনি একাধারে সঙ্গীত পরিচালনার ভূমিকাও সামলাচ্ছেন। ওড়িশি নৃত্যগুরু কেলুচরণ মহাপাত্রের সুযোগ্য শিষ্যা ডোনা গাঙ্গুলীর নিজস্ব ঘরানাকে কেন্দ্র করেই গোটা নৃত্য পরিকল্পনাটি সাজানো হয়েছে।

শারদীয় আবহে আকাশবাণীর কিংবদন্তি প্রভাতী অনুষ্ঠান ‘মহিষাসুরমর্দিনী’-র জনপ্রিয় গানগুলি এই পরিবেশনায় এক অন্য মাত্রা যোগ করবে। ড. আনন্দ গুপ্ত জানান, ইংল্যান্ড ও কলকাতার সমন্বয়ে তৈরি ১৪ জন দক্ষ শিল্পীর একটি শক্তিশালী সঙ্গীতদল এই অনুষ্ঠানের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে। প্রাচীন ভারতীয় ঐতিহ্য, শাস্ত্রীয় নৃত্য ও সঙ্গীতের মেলবন্ধনে সাজানো এই অনুষ্ঠান শুধুমাত্র একটি পরিবেশনা নয়, বরং অন্ধকারকে হারিয়ে আলোর জয়ের বার্তা পৌঁছে দেওয়ার এক অনন্য উদযাপন।