মাস্কের নিজের এআই চ্যাটবটই ফাঁস করল স্টারলিংকের গোপন ঝুঁকি! জেনেনিন ভারতের জন্য কী বলছে গ্রোক

ভারতের স্যাটেলাইট ইন্টারনেট বাজারে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক। তাঁর মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের (SpaceX) ‘স্টারলিংক’-এর (Starlink) বাণিজ্যিক পরিষেবা চালুর বিষয়টি এখনও কিছু গুরুত্বপূর্ণ অনুমোদন ও নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই মাস্কের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘গ্রোক’ (Grok AI) ভারতকে দেওয়া এক জবাবে স্টারলিংকের সম্ভাব্য বিভিন্ন ঝুঁকির কথা তুলে ধরেছে। ফলে মাস্ক যখন ভারতে সার্ভিস চালুর পক্ষে জোর সওয়াল করছেন, ঠিক তখনই তাঁরই এআই-এর মুখে উঠে আসা নিরাপত্তা ও গোপনীয়তার প্রশ্নগুলি নিয়ে প্রযুক্তি মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে।গ্রোক এআই-এর বিশ্লেষণ অনুযায়ী, ভারতে স্টারলিংক চালু হলে বেশ কিছু বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে। এর মধ্যে প্রথমেই রয়েছে জাতীয় নিরাপত্তার ঝুঁকি, কারণ স্যাটেলাইট নেটওয়ার্কের মূল নিয়ন্ত্রণ বিদেশি সংস্থার হাতে থাকায় জরুরি পরিস্থিতিতে নজরদারি নিয়ে জটিলতা তৈরি হতে পারে। দ্বিতীয়ত, তথ্যের গোপনীয়তা ও নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়; ভারতীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা দেশের আইন মেনে কীভাবে সংরক্ষিত হবে, তা স্পষ্ট হওয়া দরকার। তৃতীয়ত, পরিষেবার চড়া খরচ এবং সেটআপের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যারের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। চতুর্থত, গুরুত্বপূর্ণ যোগাযোগ পরিকাঠামো কোনো একটি বিদেশি বেসরকারি সংস্থার হাতে চলে গেলে বাজারে একচেটিয়া আধিপত্য তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। এদিকে স্টারলিংকের বাণিজ্যিক লাইসেন্স ও অনুমোদন নিয়ে সম্প্রতি কেন্দ্র ও ইলন মাস্কের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হয়েছে। মাস্ক অভিযোগ করেছেন যে, ভারতের কিছু প্রভাবশালী ব্যবসায়ী বা ‘অলিগার্ক’ নিজেদের একাধিপত্য বজায় রাখতে স্টারলিংকের প্রবেশাধিকার কৃত্রিমভাবে আটকে রাখছেন। তবে সরকারের পক্ষ থেকে এই অভিযোগ জোরালোভাবে খারিজ করে জানানো হয়েছে যে, স্যাটেলাইট যোগাযোগের অনুমোদন ও নিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং তা সমস্ত কোম্পানির জন্য সমানভাবে প্রযোজ্য। চূড়ান্ত নিরাপত্তা ছাড়পত্র এবং স্পেকট্রাম বরাদ্দ না হওয়া পর্যন্ত কোনো সংস্থাকেই বাণিজ্যিক পরিষেবা চালুর অনুমতি দেওয়া হবে না।