WhatsApp-এ আর উত্তর দেওয়ার ঝামেলা নেই! নিজেই সব মেসেজের জবাব দেবে এআই, জেনে নিন কীভাবে সেট করবেন

সারাদিন হোয়াটসঅ্যাপে বন্ধু, পরিবার কিংবা অফিসের একের পর এক মেসেজের উত্তর দিতে দিতে ক্লান্ত? সবাইকে সময়মতো উত্তর দেওয়া যেমন কঠিন, তেমনই সময়সাপেক্ষ। তবে এবার এই দুশ্চিন্তা দূর করতে হাজির হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। আপনার অবর্তমানে বা ব্যস্ততার মাঝে কম্পিউটারের এই মস্তিষ্কই স্বয়ংক্রিয়ভাবে সঠিক উত্তর পাঠিয়ে দেবে অপর প্রান্তের ব্যক্তির কাছে। এর জন্য আপনাকে আলাদা করে একটি অক্ষরও টাইপ করতে হবে না।

এই সমস্যার অত্যন্ত সহজ সমাধান হলো হোয়াটসঅ্যাপের অটো-রিপ্লাই বা এআই এজেন্ট ফিচার। সাধারণ হোয়াটসঅ্যাপে এই সুবিধা সরাসরি না মিললেও, গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে উপলব্ধ ‘হোয়াটসঅ্যাপ বিজনেস’ অ্যাপে এটি অত্যন্ত জনপ্রিয়। দোকানদার, ফ্রিল্যান্সার থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরা এটি ব্যাপকভাবে ব্যবহার করেন। আপনি যদি নিজের পুরোনো নম্বরটিই ব্যবহার করতে চান, তবে সেটিংস বদলানোর আগে অবশ্যই চ্যাট ব্যাকআপ করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

অ্যান্ড্রয়েড ফোনে এটি সেট আপ করতে প্রথমে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ খুলে বিজনেস প্রোফাইল তৈরি করুন। এরপর স্ক্রিনের ওপরের ডানদিকের তিনটে ডটে ট্যাপ করে ‘বিজনেস টুলস’-এ গিয়ে বিদায় বার্তা বা শুভেচ্ছা বার্তা নির্বাচন করুন। আইফোনের ক্ষেত্রে অ্যাপ খুলে নিচের ডানদিকের সেটিংস থেকে বিজনেস টুলসে গিয়ে অ্যাওয়ে মেসেজ পাঠানোর সুইচটি চালু করতে হবে। এখানে আপনি নিজের মতো করে সংক্ষিপ্ত বার্তা লিখে সময় এবং নির্দিষ্ট প্রাপক বা গ্রাহক নির্বাচন করে ‘সংরক্ষণ করুন’ বোতামটি টিপলেই কাজ শেষ।

এছাড়াও, নির্দিষ্ট কিছু বিজনেস অ্যাকাউন্টের জন্য মেটা বিজনেস এজেন্ট বা এআই এজেন্ট অপশনটি রয়েছে। এর জন্য ট্যুলস ট্যাব থেকে এআই এজেন্ট খুঁজে স্ক্রিনের নির্দেশ অনুসরণ করতে হবে। এরপর ‘এআই রিপ্লাইস’ অপশন বেছে নিলে নির্দিষ্ট চ্যাটগুলোতে এআই স্বয়ংক্রিয়ভাবে উত্তর দেবে। তবে ফিচারটি চালু করার আগে এআই-এর তৈরি উত্তরগুলো ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি, যাতে কোনো ভুল তথ্য গ্রাহকদের কাছে না পৌঁছে যায়।