দামী আসবাব ছাড়াই কম খরচে ঘরকে করুন রিসর্টের রূপ! ছুটির আমেজ এবার নিজের ঘরেই

রোজকার ব্যস্ত ও যান্ত্রিক জীবন থেকে একটু মুক্তি পেতে সুযোগ পেলেই ব্যাগপত্র গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন অনেকেই। কিন্তু সবসময় ইচ্ছা থাকলেই তো আর দূরে কোথাও যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই ছুটির দিনে একঘেয়েমি কাটাতে অবসরযাপনের জন্য হলিডে হোমগুলির জুড়ি মেলা ভার। তবে একটু পরিকল্পনা করলেই এখনকার দিনে যে কোনো সাধারণ হলিডে হোম বা নিজের বাড়িকেই একটি সুন্দর রিসর্টের মতো সাজিয়ে তোলা সম্ভব। তার জন্য একেবারেই কোনো দামি আসবাবপত্রের প্রয়োজন হয় না; শুধু দরকার সঠিক পরিকল্পনা, খোলামেলা পরিবেশ এবং কিছু আরামদায়ক ব্যবস্থা।
ছুটির দিনে সকালটা যাতে সুন্দরভাবে শুরু করা যায়, তার জন্য প্রথমেই নজর দিতে হবে সঠিক জায়গা নির্বাচনের ওপর। বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে ছুটি কাটানোর জন্য এমন একটি পরিবেশ বেছে নিন যেখানে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাস চলাচল করে। বাড়িতে যদি বড় জানালা, খোলা বারান্দা এবং ছোট্ট একটি বাগান থাকে, তবে আর কি চাই! অনায়াসেই ঘরে বসে মিলবে রিসর্টের মতো অনুভূতি, যার সঙ্গে যুক্ত হবে এক নিখাদ ঘরোয়া স্বাচ্ছন্দ্য।
পাশাপাশি, ছুটির দিনে সবাই প্রিয়জনদের সঙ্গে আনন্দ করলেও প্রত্যেকেরই অল্প সময়ের জন্য হলেও একান্ত কিছু নিজস্ব সময় বা প্রাইভেসির প্রয়োজন হয়। তাই বাড়ির বা হলিডে হোমের মধ্যে এমন কিছু কোণ বা জায়গা রাখা দরকার, যেখানে কেউ চাইলেই নিজের মতো সময় কাটাতে পারেন। সেটা হতে পারে গান শোনা, বই পড়া, কিংবা সিনেমা দেখা। এই ছোটখাটো পরিবর্তনগুলোই আপনার সাধারণ ছুটির দিনটিকে করে তুলতে পারে অসাধারণ ও চিরস্মরণীয়।