‘কোনও মুচলেকা দিইনি, একনায়কতন্ত্র শেষ করবই!’ ছাড়া পেতেই বড় হুঙ্কার ককরোচ প্রধান অভিজিতের

প্রায় ২৪ ঘণ্টা দিল্লি পুলিশের হেফাজতে কাটিয়ে অবশেষে মুক্তি পেলেন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দিপকে। থানা থেকে ছাড়া পাওয়ার পরই কোনো রাখঢাক না রেখে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সাফ জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে আর আন্দোলন বা বিক্ষোভ দেখাবেন না—এমন কোনো মুচলেকা বা বন্ডে তিনি বা তাঁর দলের কেউ সই করেননি।

শুক্রবার রাতে ও শনিবার দফায় দফায় প্রিভেনটিভ অ্যারেস্টের পর রবিবার মুক্তি পেয়েই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’-এ এক পোস্টে অভিজিৎ দাবি করেন, “সিজেপি পিছু হটবে না এবং একবিন্দুও ভয় পাবে না। ১০ অক্টোবর তারিখটি এই একনায়কতন্ত্রের পতনের শুরু হিসেবে ইতিহাসের পাতায় চিহ্নিত হয়ে থাকবে। আমরা আবার রাস্তায় নামব।”

উল্লেখ্য, গত শনিবারই সিজেপি প্রধানের ঠাকুমার প্রয়াণ ঘটে। মহারাষ্ট্রে নিজের গ্রামের বাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। সেই অন্ত্যেষ্টি ক্রিয়ায় যোগ দিতেই দিল্লি থেকে সোজা গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন অভিজিৎ। তবে তাঁর অনুপস্থিতিতে ইতিমধ্যেই দলের যুগ্ম আহ্বায়ক সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করে দিল্লি পুলিশ ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। সবমিলিয়ে, প্রিভেনটিভ অ্যারেস্টের পরও ককরোচ জনতা পার্টির তেজোবধে এতটুকুও যে ভাটা পড়েনি, তা ধৃত নেতাদের একের পর এক হুঙ্কারেই স্পষ্ট হয়ে গিয়েছে।

Pratik Saha
  • Pratik Saha