মমতার মেডিক্যাল রিপোর্ট ফাঁস! এসএসকেএমের তিন শীর্ষ চিকিৎসককে আইনি নোটিস অর্ক নাগের

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত গোপন রিপোর্ট প্রকাশ্যে আসার ঘটনায় কড়া পদক্ষেপ করলেন তাঁর আইনজীবী অর্ক নাগ। সোমবার সকালে এসএসকেএম হাসপাতালের অধিকর্তা চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায়, এমএসভিপি চিকিৎসক পীযূষকুমার রায় এবং বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের নিউরোলজি বিভাগের প্রধান চিকিৎসক অতনু বিশ্বাসকে একটি দু’পাতার আইনি নোটিস পাঠানো হয়েছে। আইনজীবীর কনিষ্ঠ অভিযোগ, এই ধরনের সংবেদনশীল নথি প্রকাশের মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য সামনে আনা হয়েছে। পাশাপাশি, কোনও আইনি প্রক্রিয়া বা রোগীর অনুমতি ছাড়াই এই নথি প্রকাশ্যে আসায় চিকিৎসকদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার। নন্দীগ্রামের এক নির্বাচনী প্রচারসভায় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, তাঁর কাছে মমতার অতীতের পায়ের আঘাত সংক্রান্ত একটি চিকিৎসাগত নথি রয়েছে। পরের দিন নবান্নে সাংবাদিক বৈঠক করে সেই নথি প্রকাশ্যে এনে তিনি সিআইডি তদন্তের নির্দেশও দেন। ওই নথিতে দাবি করা হয়েছিল, সে সময় পায়ে ‘ফ্র্যাকচারের কোনও চিহ্ন পাওয়া যায়নি’। এই চাঞ্চল্যকর দাবির পরই রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও ব্যক্তিগত চিকিৎসা-নথি জনসমক্ষে আনার তীব্র সমালোচনা করেন।
আইনি নোটিসে চিকিৎসকদের কাছে স্পষ্ট জানতে চাওয়া হয়েছে যে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গোপন চিকিৎসার কোনো নথি বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল কি না। যদি তা করা হয়ে থাকে, তবে কি সমস্ত আইনানুগ নিয়ম মেনে তা করা হয়েছিল? ভবিষ্যতে যাতে কোনো রোগীর গোপনীয়তা লঙ্ঘিত না হয় এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার না পায়, তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে আরও কঠোর আইনি পদক্ষেপ করা হবে বলেও চিঠিতে স্পষ্টভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।