২১-এর নন্দীগ্রাম কাণ্ড নিয়ে মেগা বোমা! মমতার ‘ভাঙা পা’ নিয়ে নবান্ন থেকে বড় সিআইডি তদন্তের ঘোষণা।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের প্রচারে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙার দাবি ঘিরে শুরু হওয়া বিতর্ক নতুন মোড় নিল। পা ভাঙার সেই দাবিকে সম্পূর্ণ ‘মিথ্যা ও সাজানো’ বলে তোপ দাগার পাশাপাশি, এবার এই ঘটনার সিআইডি (CID) তদন্তের নির্দেশ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নবান্নে আয়োজিত একটি প্রেস বিবৃতিতে এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে শুভেন্দু অধিকারী বলেন, ২০২১ সালের ১১ মার্চ বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স এবং এসএসকেএম হাসপাতালের যে মেডিকেল রিপোর্ট তৈরি হয়েছিল, তাতে স্পষ্ট উল্লেখ ছিল ‘নো এভিডেন্স অফ ফ্র্যাকচার’ (No Fracture)। তাঁর দাবি, গাড়ির দরজা ধাক্কা লাগার ফলে পায়ে সামান্য চোট লাগলেও রাজনৈতিক ফায়দা তুলতে সেটিকে ‘পা ভাঙা’ বলে বড় করে দেখানো হয়েছিল।

সাংবাদিক বৈঠকে হাসপাতালের সেই আসল মেডিকেল রিপোর্ট ও কাগজপত্রের উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি পুরোপুরি উঠে যাওয়ার পর এই ঘটনার গভীরে যেতে নতুন করে তদন্ত শুরু হবে এবং নথিপত্র প্রকাশ্যে আনা হবে। পাঁচ বছর আগের পুরনো সেই পা-জখম বিতর্ককে কেন্দ্র করে ফের একবার রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোরদার শোরগোল।