যুদ্ধের অবসান ঘটাতে মোদির হাতেই ‘মাস্টারপ্ল্যান’! খোদ পুতিনের মুখে ভারতীয় প্রধানমন্ত্রীর চরম প্রশংসা

পারস্পরিক সমঝোতা ও কূটনীতির মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা দীর্ঘস্থায়ী যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের দাবি, ইউক্রেন সংঘাত থামানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বেশ কিছু ‘খুব ভালো পরিকল্পনা’ রয়েছে।
বৃহস্পতিবার ভালদাই ইন্টারন্যাশনাল ডিসকাশন ক্লাবের বার্ষিক সভায় এই মন্তব্য করেন পুতিন। রুশ সংবাদ সংস্থার প্রকাশিত খবর অনুযায়ী, পুতিন জানিয়েছেন যে প্রধানমন্ত্রী মোদি তাঁদের প্রতিটি বৈঠকেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়টি গভীর আগ্রহ ও চিন্তাভাবনার সঙ্গে তুলে ধরেন। রাশিয়া ও ইউক্রেন সংকট নিরসনে একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ভারতের এই সদর্থক প্রয়াসকে যে মস্কো গুরুত্ব দিচ্ছে, তা স্পষ্ট করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
এর আগে গত মাসে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের প্রাক্কালেও পুতিন ও মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল। সেখানে ইউক্রেন যুদ্ধের সামগ্রিক পরিস্থিতি এবং শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আগেই স্পষ্ট করেছিলেন যে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ অবসানে ভারতের যে কোনও শান্তি প্রচেষ্টাকে রাশিয়া সর্বদা স্বাগত জানাবে। দিল্লির স্বাধীন বৈদেশিক নীতি এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের কৌশলের সঙ্গে মস্কোর অবস্থানের গভীর মিল রয়েছে বলেও মত প্রকাশ করেছে ক্রেমলিন।
ভারতের ভাষা ও বৈচিত্র্যের প্রশংসায় পুতিন যুদ্ধের প্রসঙ্গ ছাড়াও এদিন ফোরামের মঞ্চে ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য ও অখণ্ডতার উচ্ছ্বসিত প্রশংসা করেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ভারতের বিশালতা এবং এর ভাষাগত বৈচিত্র্য যে কাউকেই বিস্ময়ে হতবাক করতে পারে। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর কথোপকথনের কথা উল্লেখ করে পুতিন জানান, “দেড়শো কোটির ভারতে ৬০ কোটি মানুষ হিন্দিতে কথা বললেও, বাকিরা নিজেদের মাতৃভাষাতেই কথা বলেন এবং এত শত বৈচিত্র্যের পরেও সবাই একসঙ্গে শান্তিতে বসবাস করেন। এটা সত্যিই এক অসাধারণ দৃশ্য।”