ব্রাহ্মণদের নিয়ে বিস্ফোরক মন্তব্য! রামভদ্রাচার্যের বিরুদ্ধে সোজা এফআইআর দায়ের করার কড়া নির্দেশ আদালতের

ব্রাহ্মণ সমাজ এবং তাদের বিভিন্ন উপ-বর্ণ নিয়ে করা একটি বিতর্কিত মন্তব্য ঘিরে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন প্রখ্যাত আধ্যাত্মিক গুরু তথা তুলসী পীঠাধীশ্বর জগদগুরু রামভদ্রাচার্য। তাঁর সেই মন্তব্যের জেরে এবার রামভদ্রাচার্যের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার কঠোর নির্দেশ জারি করেছে আদালত। প্রয়াগরাজ জেলা আদালতের পক্ষ থেকে এই বিষয়ে তাঁকে একটি অফিসিয়াল নোটিশও পাঠানো হয়েছে।

সূত্রের খবর, রামভদ্রাচার্যের ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনি পদক্ষেপের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুরেশ চন্দ্র উপাধ্যায় নামের এক অভিযোগকারী। এলাহাবাদ হাইকোর্টের ৮ নম্বর আদালতে এই মামলার শুনানি হয়। সমস্ত দিক খতিয়ে দেখার পর আদালত রামভদ্রাচার্যকে নোটিশ পাঠানোর নির্দেশ দেয়। এই চাঞ্চল্যকর মামলার পরবর্তী শুনানি আগামী ১২ই অক্টোবর ধার্য করা হয়েছে। ধর্মীয় ব্যক্তিত্বের এহেন মন্তব্যের জেরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন সকলের নজর রয়েছে।