ট্রাফিক চালান নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! টাকা না দিলে এবার সরাসরি সোজা বাজেয়াপ্ত হবে আপনার গাড়ি

গাড়ির নামে বকেয়া ট্রাফিক চালান বা ই-চালান জমে রয়েছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনার জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কড়া সতর্কতা। বকেয়া ই-চালান বা জরিমানা দ্রুত আদায়ের জন্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত সাফ জানিয়ে দিয়েছে, বারবার জরিমানা দিতে ব্যর্থ হলে পুলিশ যেকোনো সময় রাস্তায় গাড়ি আটক করে তা বাজেয়াপ্ত করতে পারে।

২৩ হাজার কোটি টাকা বকেয়া ও আদালতের নির্দেশ

লাইভ ল-এর প্রতিবেদন অনুযায়ী, এস. রাজসিকরণ বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কেন্দ্রের দেওয়া তথ্য বলছে, সারা দেশে এখনও পর্যন্ত মোট ৪৯ হাজার কোটি টাকার ই-চালান জারি করা হয়েছে। এর মধ্যে ২৬ হাজার কোটি টাকা আদায় হলেও, প্রায় ২৩ হাজার কোটি টাকার বকেয়া এখনও পড়ে রয়েছে। আদালত জানিয়েছে, কেবল ই-চালান কেটে নোটিশ পাঠালেই সমস্যার সমাধান হবে না, এর জন্য কঠোর ব্যবস্থা হিসেবে সরাসরি গাড়ি বাজেয়াপ্ত করার পদ্ধতি গ্রহণ করতে হবে।

কাদের গাড়ি বাজেয়াপ্ত করা হবে এবং কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?

১. যাদের নামে একাধিক বকেয়া ই-চালান রয়েছে এবং যাঁরা তা পরিশোধ করতে ক্রমাগত ব্যর্থ হচ্ছেন, তাঁদের গাড়ি বাজেয়াপ্ত করার সম্পূর্ণ অধিকার পুলিশের থাকবে। ২. পুলিশ রাস্তায় আচমকা তল্লাশি অভিযান চালিয়ে বকেয়া চালানযুক্ত গাড়ি চিহ্নিত করে তৎক্ষণাৎ তা ক্রোক করতে পারবে। ৩. শুধু গাড়ি বাজেয়াপ্ত করাই নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অনলাইন যানবাহন পরিষেবা বন্ধ রাখা, মালিকানা হস্তান্তর রোধ করা, পিইউসি ও ফিটনেস সার্টিফিকেট আটকে দেওয়া এবং পরিবহন পোর্টালে গাড়িগুলোকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করার মতো কঠোর পদক্ষেপও নেওয়া হচ্ছে।