তেজস্বী-মিসার কোন পোস্টে তোলপাড় রাজ্য? ‘এক্স’-কে সরাসরি ৭২ ঘণ্টার কড়া নোটিশ পাঠাল সাইবার সেল!

বিহারের রাজনীতিতে ফের এক নতুন ও তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিরোধী দলনেতা তেজস্বী যাদব, রাজ্যসভার সাংসদ মিসা ভারতী, আলোক চিক্কু এবং সাংবাদিক অভিনব— এই চারজনের সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে বড় পদক্ষেপ করেছে বিহার পুলিশের সাইবার সেল। অভিযোগ উঠেছে, মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বিরুদ্ধে এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (টুইটার)-এ যে পোস্টগুলি করা হয়েছে, তা অত্যন্ত আপত্তিকর এবং জনমানসে বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে।

এই গোটা প্রেক্ষাপটে মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-কে একটি কঠোর নোটিশ পাঠানো হয়েছে সাইবার সেলের পক্ষ থেকে। আইটি অ্যাক্টের ৭৯ ধারা এবং বিএনএসএস-এর ৯৪ ও ২০২১ ধারার অধীনে জারি করা এই নোটিশে সংশ্লিষ্ট পোস্টগুলি অবিলম্বে সরানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি আগামী ৭২ ঘণ্টার মধ্যে যথাযথ জবাব তলব করা হয়েছে।

সূত্রের খবর, জমুইয়ের এক নির্যাতিতা নাবালিকা যখন খোদ মুখ্যমন্ত্রী বাসভবনে পৌঁছেছিলেন, সেই সংক্রান্ত কিছু ছবি ও তথ্য সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর সাথে সেই ছবি ভাইরাল হওয়ার পর তা আবার সরিয়েও নেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভে ফেটে পড়েন রাজনৈতিক নেতারা। এরপরই সাংসদ মিসা ভারতী সরাসরি সচিবালয় থানায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানান। যদিও থানা সেই অভিযোগ গ্রহণ করেনি বলে খবর। অন্যদিকে, এই ঘটনার রেশ ধরেই সাইবার সেলের নোটিশ এবং আইনি কড়াকড়িতে এখন উত্তপ্ত পাটনার রাজনৈতিক মহল।