‘কফি উইথ করণ ৯’-এ প্রথমবার একসঙ্গে শাহরুখ ও আরিয়ান! অতিথি তালিকায় আর কোন কোন সুপারস্টার?

বলিউড নির্মাতা করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর দীর্ঘ ২২ বছরের জার্নি এবার ইতি টানতে চলেছে। তবে তার আগে শেষ সিজনটি স্মরণীয় করে রাখতে কোনো কমতি রাখছেন না নির্মাতারা। আগামী ১৪ অক্টোবর থেকে ডিজনি প্লাস হটস্টারে প্রিমিয়ার হতে চলা এই নবম সিজনটিই হতে চলেছে শো-এর শেষ সংস্করণ। আর এই ফাইনাল সিজন ঘিরেই এখন থেকেই বলিপাড়ায় শুরু হয়ে গেছে তুমুল জল্পনা।

শো-এর মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন জাগছে, শেষ মরশুমে কিসের অপেক্ষায় রয়েছেন তারা? সূত্রের খবর, এবারের সিজনের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন সুপারস্টার সালমান খান। সব শেষ ২০১৬ সালে পঞ্চম সিজনে তাঁকে এই শো-তে দেখা গিয়েছিল। প্রায় ১০ বছর পর ফের করণের সোফায় বসতে চলেছেন ভাইজান।

তবে এর থেকেও বড় চমক অপেক্ষা করছে শাহরুখ খান এবং তাঁর বড় ছেলে আরিয়ান খানকে নিয়ে। একটি বিশেষ প্রতিবেদন অনুযায়ী, করণ জোহর প্রবলভাবে চেষ্টা করছেন কিং খানকে তাঁর ছেলের সঙ্গে এই মঞ্চে নিয়ে আসার জন্য। যদি শেষ পর্যন্ত সব ঠিকঠাক থাকে, তবে এই শো-এর মাধ্যমেই টেলিভেশনের পর্দায় আত্মপ্রকাশ ঘটবে আরিয়ানের।

এছাড়াও এবারের সম্ভাব্য তারকা অতিথিদের তালিকায় রয়েছে আরও বেশ কিছু চমকপ্রদ নাম। বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর, সারা আলি খান ও ইব্রাহিম আলি খান এবং তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুরের মতো জনপ্রিয় মুখগুলোকে একসঙ্গে দেখতে পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, শেষ সিজনটিকে যে বিনোদনে ভরপুর করে তুলতে চান নির্মাতারা, তা বলাই বাহুল্য।