কফির কাপে শেষ চুমুক! একেবারে বন্ধ হয়ে যাচ্ছে ‘কফি উইথ করণ’? চরম মনখারাপ করা ঘোষণা করণের

বিটাউনের অন্দরের রসালো গসিপ, খোলামেলা আড্ডা আর একটু আধটু বিতর্ক— সব মিলিয়ে বিনোদন দুনিয়ার অন্যতম চর্চিত চ্যাট শো ‘কফি উইথ করণ’। তবে পরিচালক-প্রযোজক করণ জোহরের ভক্তদের জন্য রয়েছে একরাশ মনখারাপ করা খবর। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে চলা এই জনপ্রিয় টক শোয়ের এবার ইতি টানার ঘোষণা করলেন খোদ সঞ্চালক। অর্থাৎ খুব শীঘ্রই আসছে ‘কফি উইথ করণ’ সিজন ৯, আর এটাই হতে চলেছে এই শোয়ের শেষ সিজন।
ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিয়ো শেয়ার করে এই খবর জানিয়েছেন করণ জোহর। ক্যাপশনে তিনি লিখেছেন, “আমার মনে হয় আমাদের কথা বলা দরকার। অবশ্যই কফি খেতে খেতে।” আগামী ১৪ অক্টোবর থেকে জিও-হটস্টারে (JioHotstar) শুরু হতে চলেছে এই জনপ্রিয় শোয়ের নতুন ও শেষ মরশুম।
কেন বন্ধ হচ্ছে এই শো?
ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে যথেষ্ট আবেগপ্রবণ দেখা গিয়েছে করণকে। স্মৃতির পাতা উল্টে তিনি জানান, ২০০৪ সালের জুন মাসে তাঁর প্রয়াত বাবা তথা প্রবাদপ্রতিম প্রযোজক যশ জোহরের সঙ্গে কথা বলেই এই শোয়ের ধারণা মাথায় এসেছিল। বাবা প্রথমটায় বলেছিলেন, বন্ধুদের নিয়ে আড্ডা মারার জন্য কেউ টাকা খরচ করবে কেন? ঠিক তার পরেই প্রয়াত হন যশ জোহর। আর ২০০৪ সালের ১৬ অগাস্ট শুরু হয় এই ঐতিহাসিক টক শোয়ের প্রথম শুটিং।
দীর্ঘ ২২ বছরের এই পথচলায় ৮টি সফল সিজন এবং ১৬১টি পর্ব উপহার দিয়েছেন করণ। তবে এবার এই জনপ্রিয় অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলায় স্বাভাবিকভাবেই নস্টালজিক হয়ে পড়েছেন অনুরাগীরা। অন্তিম সিজনে কোন কোন তারকারা কফির কাপে ঝড় তুলবেন, এখন সেটাই দেখার।