কেদারনাথ যাওয়ার পরিকল্পনা করছেন? পদে পদে ঠকছেন না তো! জেনে নিন প্রতারণার কালো দিক

সোশ্যাল মিডিয়ার রিলস কিংবা সিনেমার সুবাদে কেদারনাথ এখন তামাম ভ্রমণপিপাসুদের স্বপ্নের ঠিকানা। দেবভূমির বরফাবৃত পাহাড় আর প্রকৃতির রূপ কে টানে না! কিন্তু সেই পুণ্য অর্জন করতে গিয়ে পাহাড়ি পথের ধকলের পাশাপাশি যে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে বহু তীযাত্রীকে, তা জানলে শিউরে উঠতে হয়। সুযোগ বুঝে একশ্রেণির মানুষের পাতা প্রতারণার ফাঁদ আর চূড়ান্ত অব্যবস্থাপনায় স্বর্গীয় এই যাত্রা এখন অনেক ক্ষেত্রেই দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

হেলিকপ্টার বনাম পাহাড়ি পথ: কোন পন্থায় স্বস্তি?

প্রতি বছর দীপাবলির পরেই কেদারনাথ মন্দির বন্ধ হয়ে যায় এবং বিগ্রহ নেমে আসে উখীমঠে। তাই চলতি মরশুমে যাওয়ার ইচ্ছা থাকলে আর দেরি না করাই ভালো। যাতায়াতের জন্য তিন জায়গা থেকে মিলছে হেলিকপ্টার পরিষেবা। উত্তরাখণ্ডের সেরসি থেকে কেদারনাথে যাতায়াতে মূল খরচ ৬,৩৯০ টাকা (এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি ও ৩০০ টাকা অতিরিক্ত ফি)। এছাড়া ফাটা বা গুপ্তকাশী থেকেও কপ্টার পাওয়া যায়, যার মধ্যে গুপ্তকাশীর খরচ সবচেয়ে বেশি।

তবে যাঁদের বাজেট কম বা হেঁটে ওঠার ইচ্ছে রয়েছে, তাঁদের শুরু হয় গৌরীকুণ্ড থেকে ২২ কিলোমিটারের দীর্ঘ পথ। এই পাহাড়ি পথ চড়ার সময় পদে পদে রয়েছে বিপদের হাতছানি। দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের বাসিন্দা অমিত চক্রবর্তীর অভিজ্ঞতা বলছে, “ঘোড়া বা ডুলির অনিয়ন্ত্রিত যাতায়াতে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। নামার সময় চোখের সামনে বহু মানুষকে চোট পেতে দেখেছি।”

পদে পদে প্রতারণার ফাঁদ

কেদারনাথ যাত্রায় প্রতারণার ছবিটা বেশ উদ্বেগজনক:

  • ঘোড়ার অতিরিক্ত ভাড়া: মাঝপথ থেকে ঘোড়া নিলে নির্দিষ্ট কোনো রেট নেই। সুযোগ বুঝে ঘোড়ার মালিকরা হাজার হাজার টাকা দাবি করেন।

  • ডুলি ও ঝুড়ির মারকাটারি জালিয়াতি: ডুলির নির্ধারিত খরচ চড়া হওয়ার পাশাপাশি ঝুড়িতে মালপত্র বা ছোটদের নিয়ে যাওয়ার সময় মাঝপথে বাড়তি ওজনের অজুহাতে টাকা বাড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে অহরহ।

  • ভুয়ো ভিক্ষার দল: পথে পরিবারের বিপদের কথা বলে সহানুভূতি কুড়ানোর নামে অভিনব প্রতারণা চলছে।

  • গর্ভগৃহের নামে জালিয়াতি: মন্দিরের গর্ভগৃহে প্রবেশের নির্দিষ্ট নিয়ম থাকলেও, পুরোহিতদের একাংশের যোগসাজশে বিশেষ উপায়ে বিগ্রহ স্পর্শ করানোর নামে দেদার চলছে হাজার টাকার লেনদেন।

কলকাতা থেকে কীভাবে যাবেন?

আকাশপথে কলকাতা থেকে দেরাদুনের জলি গ্র্যান্ট বিমানবন্দর হয়ে গাড়ি নিয়ে সোজা পৌঁছনো যায় শোনপ্রয়াগ বা গৌরীকুণ্ড। ট্রেনে যেতে চাইলে হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস, দুন এক্সপ্রেস বা উপাসনা এক্সপ্রেসে হরিদ্বার পৌঁছে সেখান থেকেও গাড়ি বা বাসে যাত্রা করা সম্ভব। হরিদ্বার থেকে কেদারনাথ যাওয়ার পথে ঋষিকেশ, দেবপ্রয়াগ ও রুদ্রপ্রয়াগের মতো দর্শনীয় স্থান ঘুরে নেওয়া যায়। প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে হলে সতর্কতা আর সঠিক পরিকল্পনাকেই সবার আগে প্রাধান্য দেওয়া উচিত।