মাটি থেকে আকাশে উঠবে আন্দোলন! প্রতীকহারা মমতার হুঙ্কারে কাঁপল দিল্লি

দলীয় প্রতীক হারানোর ধাক্কা এবং সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের বিপর্যয় কাটাতে এবার জাতীয় স্তরের ইন্ডিয়া জোটের মঞ্চ থেকেই অক্সিজেন খুঁজতে শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ২১টি বিরোধী দলের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ জোট বৈঠক শেষে সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। বৈঠকে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেওয়ার পাশাপাশি স্পষ্ট ভাষায় হুংকার ছেড়েছেন, প্রয়োজনে এই আন্দোলন মাটি থেকে আকাশে গিয়ে পৌঁছবে।

বৈঠক শেষে প্রকাশ্যেই নিজের ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তিনি কার্যত ঘরবন্দি দদশায় রয়েছেন। তাঁর অভিযোগ, বিহার ও মহারাষ্ট্রের মতো এবার পশ্চিমবঙ্গেও ভোট চুরির মাধ্যমে বড়সড় স্ক্যাম করা হয়েছে। নির্বাচন কমিশন ও ইভিএম ব্যবস্থার বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “ভ্যানিশ কুমার অবিলম্বে পদত্যাগ না করলে এই আন্দোলন মাটি থেকে উঠে আকাশে যাবে। আমরা জীবন দেব, তবু লড়াই ছাড়ব না। সংবিধান রক্ষা করতেই হবে।”

বিশেষ করে ইভিএমের কারসাজি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার সীমা খান্নার প্রসঙ্গ টেনে ভোটের ফল কারচুপির বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক মহলের মতে, রাজ্যে ক্ষমতা হারানোর পর জাতীয় রাজনীতিতে বিরোধী জোটকে আঁকড়ে ধরে ঘুরে দাঁড়ানোর লড়াইতে এবার আরও আক্রমণাত্মক কৌশল নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।