এক্সপ্রেসওয়েতে চালকের এক সেকেন্ডের ভুল, নিমেষে শেষ DFO-সহ ২ জনের প্রাণ! তুমুল শোরগোল

এক মুহূর্তের অসাবধানতা এবং চালকের চোখের এক পলকের ঝিমুনি কড়ে নিল দুই মূল্যবান প্রাণ। উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলায় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো ইটাওয়ার জেলা বন আধিকারিক (DFO) বিকাশ নায়ক এবং তাঁর চালক দেবাংশের। দুর্ঘটনায় দুটি বিলাসবহুল গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং আহত হন আরও অন্তত ৬ জন।

নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পার ঘটনাটি ঘটেছে ফিরোজাবাদের সিরসাগঞ্জ থানার অন্তর্গত নাগলা খঙ্গার এলাকার অদূরে, এক্সপ্রেসওয়ের ৬৮.৮০০ মাইলস্টোনের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ একটি দ্রুতগামী স্করপিও-এন গাড়ি হরিয়ানা থেকে লখনউয়ের দিকে যাচ্ছিল। মাইলস্টোন ৬৮.৮০০-র কাছাকাছি পৌঁছাতেই চালক হঠাৎ ঘুমে ঢুলে পড়েন। এর ফলে তীব্র গতিতে থাকা গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। স্করপিওটি সজোরে রাস্তার মিডিয়ান ডিভাইডার ভেঙে অন্য লেন বা উল্টো দিকের ট্র্যাফিক লেনে ঢুকে পড়ে।

ঠিক সেই সময় উল্টো দিক অর্থাৎ লখনউয়ের দিক থেকে আসছিল একটি এক্সইউভি-৭০০ গাড়ি। নিয়ন্ত্রণহীন স্করপিওটি সজোরে এসে ধাক্কা মারে এক্সইউভি-৭০০ গাড়িটিতে। ধাক্কার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে দুটি গাড়িরই সামনের অংশ পুরোপুরি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু দুর্ঘটনাগ্রস্ত এক্সইউভি-৭০০ গাড়িটিতে ছিলেন ইটাওয়ার DFO বিকাশ নায়ক, তাঁর চালক দেবাংশ এবং আরও এক যাত্রী। অন্যদিকে দ্বিতীয় গাড়িটিতে কলকাতার এক বাসিন্দা, তাঁর ৬৫ বছর বয়সী স্ত্রী ও পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় এক্সপ্রেসওয়ের সুরক্ষা টিম, নাগলা খঙ্গার থানার পুলিশ ও অ্যাম্বুলেন্স।

দুর্ঘটনাকবলিত গাড়ির ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় সব যাত্রীদের বের করে আনা হয়। দ্রুত তাঁদের সাইফাইয়ের পিজিয়াই (PGI) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় DFO বিকাশ নায়ক ও তাঁর চালক দেবাংশের। এই খবর পৌঁছাতেই পিজিয়াই হাসপাতালে জড়ো হন বন দফতর ও প্রশাসনিক কর্তারা। আহত অন্যান্যদের চিকিৎসা এখনো চলছে।

কিছু সময়ের জন্য ব্যাহত যাতায়াত দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে পুলিশ এবং উদ্ধারকারী দল দুর্ঘটনাকবলিত দুটি গাড়িকে রাস্তা থেকে সরিয়ে নিকটবর্তী পুলিশ চৌকিতে নিয়ে গেলে এক্সপ্রেসওয়েতে পুনরায় স্বাভাবিক হয় যান চলাচল।