বিজয় সালগাঁওকরের সেই ২ অক্টোবরের রহস্য কি শেষ হবে? বড়পর্দায় আসার আগেই বড় ধামাকা ‘দৃশ্যম ৩’-এর!

বিজয় সালগাঁওকরের সেই বিখ্যাত ‘২ অক্টোবর’-এর ঘটনা কার না মনে আছে? স্বামী চিন্ময়ানন্দের সৎসঙ্গ, গোয়ায় পানাজির হোটেল আর ধোঁয়া ওঠা এক প্লেট গরম-গরম, সুস্বাদু পাও ভাজি! হিন্দি সিনেমা জগতে মিথ্যাকে নিখুঁত সত্যি রূপ দেওয়ার এই মাস্টারপ্ল্যান আজ একটি আইকনিক অধ্যায়। সেই বহুল প্রতীক্ষিত ২ অক্টোবর-এই প্রেক্ষাগৃহে শেষবারের মতো ফিরছে বিজয় সালগাঁওকর ও তার পরিবার। তবে এবার শুধু বড়পর্দায় টানটান থ্রিলারের উত্তেজনা উপভোগ করাই নয়, বাস্তব জীবনের দর্শকরাও হয়ে উঠতে পারেন বিজয়ের সেই বিখ্যাত গল্পের অংশ!
অভিষেক পাঠকের পরিচালনায় অজয় দেবগণ, টাবু ও শ্রিয়া শরণ অভিনীত সুপারহিট থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’-এর তৃতীয় তথা শেষ কিস্তি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এই পর্বে নতুন করে যুক্ত হয়েছেন জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজের মতো শক্তিশালী অভিনেতারা। এই উন্মাদনাকে আরও একধাপ বাড়িয়ে দিতে এক অভিনব অফার নিয়ে এসেছে পিভিআর আইনক্স প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।
যেসব দর্শক পিভিআর আইনক্স অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে একবারে অন্তত চারটি টিকিট বুক করবেন, তাঁদের প্রথম ৫০০ জনকে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে ‘পাও ভাজি’ কুপন। আগামী ২ অক্টোবর মুম্বই, দিল্লি-এনসিআর এবং গুরুগ্রামের নির্বাচিত পিভিআর আইনক্স সিনেমা হলগুলিতে সিনেমা দেখার পাশাপাশি দর্শকরা এই সুস্বাদু পাও ভাজির আসল স্বাদ নিতে পারবেন।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘দৃশ্যম’ ছবিতে বিজয় সালগাঁওকর (অজয় দেবগণ) তার পরিবারকে বাঁচাতে একটি নিখুঁতভাবে পরিকল্পিত আলিবাবা মার্কা গল্প সাজিয়েছিল। বিজয়ের জবানবন্দি অনুযায়ী, ২ অক্টোবর তারা পানাজিতে গিয়ে সৎসঙ্গে যোগ দিয়েছিল এবং দুপুরে পাও ভাজি খেয়েছিল। দীর্ঘ সময় ধরে চলা পুলিশি জেরাতেও বারবার অটুট ছিল এই ২ অক্টোবরের পাও ভাজির আল্টিমেট টাইমলাইন। সেই কাল্পনিক গল্প ও মেমোরি এবার বাস্তব হয়ে নামছে সিনেমা হলের প্লেটে!
‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ ছবি দিয়ে ইতি টানা হচ্ছে এই সুপারহিট ফ্র্যাঞ্চাইজির। বিজয় সালগাঁওকর কি এবারও আইনের হাত থেকে নিজেকে ও তার পরিবারকে সম্পূর্ণ রক্ষা করতে পারবে, নাকি অতীতের কালো ছায়া শেষ পর্যন্ত তাকে ঘিরে ফেলবে— সেই প্রশ্নের চূড়ান্ত উত্তর মিলবে এই পর্বে। পিভিআর-এর এই দারুণ অফার সিনেমাটির উত্তেজনাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।