অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে ডানকুনি স্টেশন! ১৮ কোটি টাকার মেগা কাজের অগ্রগতি দেখতে সশরীরে হাজির প্রধানমন্ত্রীর উপদেষ্টা

যাত্রীদের বিশ্বমানের পরিকাঠামো উপহার দিতে এবং পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে তৎপর রেল মন্ত্রক। সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন স্কিম’-এর অধীনে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে ডানকুনি স্টেশন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা শ্রী তরুণ কাপুর। তাঁর সঙ্গে ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (জিএম) শ্রীমতি গীতিকা পাণ্ডে, হাওড়ার ডিআরএম শ্রী বিশাল কাপুর এবং শিয়ালদহ ডিভিশনের ডিআরএম শ্রী রাজীব সাক্সেনা সহ রেলের একাধিক শীর্ষ আধিকারিক।

১৯১৭ সালে নির্মিত ঐতিহাসিক হাওড়া-বর্ধমান কর্ড লাইনের এই গুরুত্বপূর্ণ SG-3 ক্যাটাগরির স্টেশনে প্রতিদিন গড়ে ৩০ হাজারের বেশি যাত্রী যাতায়াত করেন। কলকাতা মেট্রোপলিটন এলাকার অন্যতম প্রধান ইন্টারসিটি রেল হাব হিসেবে ডানকুনির গুরুত্ব অপরিসীম। স্টেশনের সার্বিক পুনরুন্নয়নের জন্য প্রায় ১৮.৬৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

পরিদর্শনের সময় প্রতিনিধি দলটি স্টেশনের বুকিং কাউন্টার, ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ (OSOP) স্টল এবং সার্বিক পরিচালন ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। ইতিমধ্যেই স্টেশন ভবনের গ্রাউন্ড ফ্লোর, সামনের অংশের সংস্কার, নতুন পোরচ বা বারান্দা নির্মাণ, সার্কুলেটিং ও পার্কিং এরিয়ার উন্নয়ন, প্ল্যাটফর্মের শেড এবং উন্নত আলোকব্যবস্থার মতো একাধিক কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাকি সমস্ত আধুনিক সুযোগ-সুবিধার কাজ শেষ করতে পূর্ব রেল সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ বলে জানানো হয়েছে।