সেপ্টেম্বরেই ডিসেম্বরের কনকনে ঠান্ডা! দিল্লির তাপমাত্রা ১৬ ডিগ্রিতে নামতেই বন্ধ হল এসি

এবছর আবহাওয়ার মেজাজ বড্ড খামখেয়ালি। কখনও তীব্র রোদ তো কখনও হঠাৎ বৃষ্টি, আবার কোথাও বন্যা বা ঝড়ের তাণ্ডব—প্রকৃতির রূপ বদলাতে সময় লাগছে না। এর মাঝেই রবিবার রাতে রাজধানী দিল্লিতে যে আবহাওয়া দেখা গেল, তাতে রীতিমতো চমকে গিয়েছেন দিল্লিবাসী। ভরা সেপ্টেম্বরের রাতে হঠাৎ এমন ঠান্ডা অনুভূত হয় যে বহু মানুষ এসি বন্ধ করতে বাধ্য হন, এমনকি কারও কারও গায়ে জড়িয়ে নিতে হয় হালকা কম্বলও।
ভারতের আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত ২৫ বছরের মধ্যে সেপ্টেম্বরের শেষভাগে এমন ঠান্ডা রাতের সাক্ষী রইল দিল্লি। সফদরজং অবজারভেটরির তথ্য বলছে, রবিবারের রাতের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ২১ ডিগ্রি সেলসিয়াসে, যা এই সময়ের স্বাভাবিক গড়ের তুলনায় প্রায় তিন ডিগ্রি কম। আর শহরের রিজ (Ridge) এলাকায় তো তাপমাত্রা একেবারে কমে দাঁড়ায় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনে মনে হচ্ছে যেন এখনই ক্যালেন্ডারের পাতা উল্টে ডিসেম্বর মাস এসে হাজির হয়েছে।
গত দুই বছরের মধ্যে সেপ্টেম্বর মাসের সবচেয়ে শীতলতম রাত হিসেবে চিহ্নিত হয়েছে এই দিনটি। তীব্র গরম ও আর্দ্রতার ছোবলে অতিষ্ঠ থাকা দিল্লিবাসী হঠাৎ এই স্বস্তির আমেজ পেলেও, সেপ্টেম্বরের শেষে এমন ঠান্ডা পড়ার পিছনে জলবায়ুর খামখেয়ালি আচরণকেই দায়ী করছেন আবহাওয়াবিদরা। মৌসুমি বায়ুর বিদায়বেলার এই আকস্মিক রূপবদল আগামী দিনে শীতের আগাম বার্তার ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।