ইউপিআই চার্জ নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের! স্থগিতাদেশ খারিজ হতেই মাথায় হাত সাধারণ মানুষের

২০০০ টাকার বেশি অঙ্কের ইউপিআই লেনদেনের ওপর নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (MDR) চালুর নির্দেশিকায় এখনই কোনও স্থগিতাদেশ জারি করতে রাজি হলো না সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই সংক্রান্ত মামলার আবেদন খারিজ করে দিলেও, নতুন এই নিয়ম চালুর আইনি ভিত্তি কী, তা জানতে চেয়ে কেন্দ্রের কাছে হলফনামা তলব করেছে।

কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে ইউপিআই-এর মাধ্যমে ব্যবসায়ীদের পেমেন্ট করার ক্ষেত্রে ২০০০ টাকার ওপরে ০.৪ শতাংশ হারে এমডিআর কাটার প্রস্তাব দেওয়া হয়েছে। একটি লেনদেনের ক্ষেত্রে এই কাটার সর্বোচ্চ সীমা রাখা হয়েছে ৩০০ টাকা। তবে রেল, টেলিকম, বিমা ও জ্বালানির মতো কম লভ্যাংশের ক্ষেত্রগুলিতে ২০০০ টাকার ওপরে পেমেন্টে নির্দিষ্ট ৫ টাকা করে এমডিআর কাটার নিয়ম করা হয়েছে। এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করেই অঞ্জন দত্ত নামক এক আইনজীবী সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন।

শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তোলেন, ধার্য করা এই ০.৪ শতাংশ এমডিআর কি কোনও কর নাকি ফি? যদি দুটোর কোনটিই না হয়, তবে কোন আইনি ভিত্তিতে এই টাকা আদায় করা হচ্ছে, তার স্পষ্ট ব্যাখ্যা চায় আদালত।

অন্যদিকে, অতিরিক্ত সলিসিটর জেনারেল এন ভেঙ্কটরামন শীর্ষ আদালতকে জানান যে, এই টাকা সরকার নেবে না এবং এটি কোনও কর বা সরকারি ফি নয়। ইলেকট্রনিক লেনদেন ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যাঙ্ক ও অন্যান্য অংশীদারদের সেটেলমেন্ট বা পরিকাঠামো খরচ বহন করার জন্যই এই এমডিআর লাগু করা হচ্ছে। কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, নতুন এই নিয়ম চালু হলেও দেশের প্রায় ৯৬ শতাংশ ইউপিআই লেনদেন সম্পূর্ণ এর আওতাধীন থাকবে না। পাশাপাশি, পার্সন টু পার্সন (P2P) লেনদেন এবং মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনকারী ছোট ব্যবসায়ীরা সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।